
হলিউডের তারকাদের বলিউডের ছবিতে অন্তর্ভুক্তির বিষয়টি মোটেও নতুন কিছু নয়। সবকিছু ঠিক থাকলে এবার এই দলে নাম লেখাতে যাচ্ছেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যান। শোনা যাচ্ছে, অজয় দেবগন প্রযোজিত, পরিচালিত ও অভিনীত ‘শিভা’ ছবিতে অভিনয়ের ব্যাপারে নিকোলের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এখন পর্যন্ত ছবিটিতে অভিনয় করবেন কি না, তা নিশ্চিত না করলেও আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। |
প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি ‘শিভা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অজয়। ছবিটির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে নিকোলকে নেওয়ার জন্য তাঁর সঙ্গে আলোচনা চলছে। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘ইউ মি অউর হাম’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অজয়। ‘শিভা’ তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি। শিগগির এর শুটিং শুরু করতে চান অজয়। ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালে।
‘শিভা’ ছবি নিয়ে বিশাল স্বপ্ন রয়েছে অজয়ের। তিনি জানিয়েছেন, হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় বাজেটের ছবি হবে এটি। ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির অ্যাকশন পরিচালক।