
ভারতীয় চলচ্চিত্রের আঙিনায় আবারও ধীরে ধীরে হানা দিতে শুরু করেছে করোনা। দক্ষিণের মেগাস্টার কমল হাসান আর বলিউড অভিনেত্রী তানিষা মুখার্জির করোনা সংক্রমিত হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দক্ষিণের নামকরা কোরিওগ্রাফার শিব শঙ্কর। এবার করোনা সংক্রমিত হয়েছেন বলিউডের খ্যাতনামা অভিনেতা অমিত সাধ।
করোনায় আক্রান্ত হওয়ার খবর অমিত সাধ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ‘সব ধরনের সাবধানতা অবলম্বনের পরও আমার কোভিড হয়ে গেল। খুবই হালকা উপসর্গ আছে। কোভিডসংক্রান্ত সব নিয়মাবলি মেনে আমি নিজেকে সঙ্গনিরোধী করেছি। আর আমি হোম কোয়ারেন্টিনেই থাকব। আমি সম্পূর্ণভাবে আশাবাদী যে শক্তিশালী হয়ে ফিরব। অনুগ্রহ করে সবাই সুরক্ষিত থাকুন। নিজের এবং বাকি সবার যত্ন নিন। সবার প্রতি ভালোবাসা।’ অমিতের এই পোস্টের পর থেকে নেট জনতা তাঁর স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। অমিতের ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করছেন।
কমল হাসান মার্কিন মুলুক থেকে ফেরার পর কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তিনি নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর তাঁর অনুরাগীদের জানিয়েছিলেন। এই প্রবাদপ্রতিম অভিনেতা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি কমল হাসানের মেয়ে শ্রুতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন যে তাঁর বাবা সুস্থতার পথে। কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এই দক্ষিণি তারকাকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খবরাখবর নিয়েছিলেন।
‘কায় পো ছে’ ছবিতে প্রথম নজর কাড়েন অমিত সাধ। এই সিনেমায় তাঁর সঙ্গে ছিলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এ বছর ‘জিত কি জিদ’ ওয়েব সিরিজে অমিত সাধকে দেখা যাবে। ২০ অক্টোবর তিনি ‘ব্রিদ’-এর পরবর্তী সিজনের কথা ঘোষণা করেছেন। এই সিজনেও অভিষেক বচ্চনকে মূল চরিত্রে দেখা যাবে।