জীবনের গল্প দিয়ে কী পেলেন সঞ্জয়!

সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

প্রথম সপ্তাহে ‘সঞ্জু’ ছবিটি শুধু ভারতেই আয় করেছে ২০২ কোটি ৫৭ লাখ রুপি। এরপর পেরিয়ে গেছে আরও দুই দিন। বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সঞ্জয় দত্তের জীবনের গল্প নিয়ে রাজ কুমার হিরানি তৈরি করেছেন ছবিটি। যাঁর জীবনের গল্প নিয়ে এই ছবি, সেই সঞ্জয় দত্ত নিজেও নাকি এই ছবি থেকে বিশাল অঙ্কের অর্থ পেয়েছেন। জানা গেছে, নিজের জীবনের গল্পের বিনিময়ে ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া আর রাজ কুমার হিরানির কাছ থেকে ১০ কোটি রুপি আদায় করেছেন সঞ্জয় দত্ত। পাচ্ছেন আরও অনেক কিছু।

সঞ্জয় দত্ত আর রাজ কুমার হিরানি পুরোনো বন্ধু। সঞ্জয় দত্তের ব্যাপারে তাঁর অনেক কিছুই জানা। কিন্তু তা দিয়ে ছবি তৈরি? মোটেই সম্ভব নয়। ছবি তৈরির পরিকল্পনা করার পর তা নিয়ে সঞ্জয় দত্তের সঙ্গে আলোচনা করেন। বন্ধুর কাছে নিজেকে যেভাবে তুলে ধরা সম্ভব, সবার সামনে তা কীভাবে হবে? আর নিজের বিতর্কিত জীবন যখন সবার সামনে তুলে ধরা হবে, এরপর নিজের অবস্থান ঠিক থাকবে তো? এখন সঞ্জয় দত্তকে সবাই যেভাবে ভালোবাসেন, সব জানার পর সেই ভালোবাসা অটুট থাকবে? স্ত্রী আর সন্তানদের কাছে তিনি কীভাবে দাঁড়াবেন? আর গল্পে তাঁর সঙ্গে যাঁরা জড়িয়ে আছেন, তাঁদের যে অবস্থান আছে, তাতে কোনো ব্যাঘাত ঘটবে? এমনি অসংখ্য প্রশ্ন এসে ভিড় করে সঞ্জয় দত্ত আর রাজ কুমার হিরানির সামনে।

‘সঞ্জু’ ছবির দৃশ্যে রণবীর কাপুর

অনেক ভাবনা-চিন্তার পর একসময় সঞ্জয় দত্ত আর রাজ কুমার হিরানি ছবি তৈরির ব্যাপারে একমত হন। নিজের বিতর্কিত জীবন সবার সামনে তুলে ধরার ব্যাপারে রাজি হন সঞ্জয় দত্ত। কিন্তু শুরুতেই কিছু শর্ত জুড়ে দেন। বলিউডের যে নায়িকাদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তা কোনোভাবেই পর্দায় তুলে ধরা যাবে না। কেন? কারণ এই নায়িকারা এখন স্বামী-সন্তানদের নিয়ে সংসার করছেন। তাঁদের নিজেদের সামাজিক অবস্থান আছে। তাই তাঁরা কেউ অস্বস্তিতে পড়ুক, বিব্রত হোক, তা চাননি সঞ্জয় দত্ত। বলিউডের এই তারকার দাবি মেনে নেন নির্মাতারা।

এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ছবির জন্য সঞ্জয় কী পাবেন? নিজের বিতর্কিত জীবন নিয়ে ছবি তৈরির অনুমতির জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করে বসেন তিনি। শেষ পর্যন্ত তা ১০ কোটি রুপিতে দফারফা হয়। পাশাপাশি ছবির লাভের একটি অংশও দেওয়া হবে তাঁকে। কিন্তু লাভের এই শেয়ারের পরিমাণ কত, তা গোপন রাখা হয়েছে। ছবি তৈরির অনুমতি দেন সঞ্জয় দত্ত।

রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত

গত ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। ছবিতে সঞ্জয় দত্তের চরিত্র অভিনয় করেছেন রণবীর কাপুর। এ ছাড়া অন্য চরিত্রে আছেন পরেশ রাওয়াল, ভিকি কৌশল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, সোনম কাপুর, আনুশকা শর্মা প্রমুখ। যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন রাজ কুমার হিরানি ও অভিজিৎ যোশি।