জেগে ওঠো, জন্মদিনে কাজলকে অজয় দেবগন

আজ কাজলের জন্মদিন
আজ কাজলের জন্মদিন

আজ বলিউড তারকা কাজলের বয়সের ক্যালেন্ডারে যোগ হলো আরও একটা বছর। আজ কাজলের জন্মদিন। ৪৫ বছর আগে আজকের দিনে পৃথিবীতে প্রথম কেঁদেছিলেন তিনি।

জন্মদিনে তো অনেক উপহারই পান। কিন্তু স্বামী অজয় দেবগন টুইটারে যে উপহার দিলেন, তার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। কাজল টেবিলের ওপর পা তুলে বাগানে ঘুমাচ্ছেন। আর গোপনে সেই ছবি তুলে টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগন। ক্যাপশনে লিখেছেন, ‘জেগে ওঠো। আর ঘুমের দেশের রাজকন্যা হয়ে কাজ নেই!’ আবার কাজলকে ট্যাগও করেছেন ওই পোস্ট।

এই ছবি টুইট করে অজয় দেবগন জন্মদিনে চমকে দিয়েছেন স্ত্রীকে। ছবি: টুইটার

কাজলও ফিরতি উত্তরে লিখেছেন, ‘আমি তো জেগেই ছিলাম। শুধু একটু ঘুমের ভান ধরে ছিলাম। আর চারপাশে ছুটির দিনের হাওয়া উপভোগ করছিলাম। যুগের (কাজলের ছোট ছেলে) তো আজ ছুটি!'

কাজল আর অজয় দেবগনের সম্পর্ক বহুদিনের। ১৯৯৯ সালে গাঁটছড়া বাঁধার আগে তাঁরা নাকি ‘ভালো বন্ধু’ ছিলেন। তখন কাজল অন্য আরেকজনের সঙ্গে প্রেম করতেন আর অজয়ের কাছ থেকে প্রেমবিষয়ক নানা পরামর্শ নিতেন। পরে যা হওয়ার তা-ই হলো! পরামর্শ নিতে নিতে পরামর্শকের প্রেমে পড়ে গেলেন। এখন নাইসা আর যুগ—দুই সন্তানকে নিয়ে সুখের ঘরকন্না করছেন। তিনি শুধু রাঁধেন আর চুল বাঁধেন বললে অন্যায় হবে। অভিনয়টাও চালিয়েছেন সমান পারদর্শিতায়।

কাজলের জন্মদিনের সেলফি। ছবি: ইনস্টাগ্রাম

কাজল নিজেও জন্মদিনে একটা সেলফি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর ক্যাপশনে লিখেছেন আধ্যাত্মিক কথাবার্তা, ‘আজ টক, ঝাল, মিষ্টি একটা দিন। আজকের দিনে হাসার কারণ আছে। আবার না হাসারও কারণ আছে। যে মুহূর্তে তুমি জন্মালে, সেই মুহূর্তে তুমি মানবতার পুকুরে একটা নতুন ঢেউ সৃষ্টি করলে। সেই মুহূর্তে তুমি সবাইকে জানালে যে তোমার অস্তিত্ব। তুমি স্পেশাল। সবাইকে জন্ম নেওয়ার জন্য শুভেচ্ছা। নিজেকে ভালোবাসো। কারণ তুমি গুরুত্বপূর্ণ।'

মাত্র কয়েক ঘণ্টায় এই ছবিতে ‘লাইক’ পড়েছে প্রায় সাড়ে তিন লাখ। আর প্রায় ১০ হাজার ভক্ত মন্তব্য করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় তারকাকে।

কাজল ও অজয় দেবগন

৬টি ফিল্মফেয়ার পুরস্কার পাওয়া কাজল অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেছিলেন ১৯৯২ সালে, ‘বেখুদি' ছবি দিয়ে। আর কাজলকে সর্বশেষ দেখা গেছে ‘হেলিকপ্টার এলা’ ছবিতে, সন্তানপাগল এক সিঙ্গেল মায়ের ভূমিকায়। সেখানে তিনি অমিতাভ বচ্চনকে সঙ্গে নিয়ে মা আর সন্তানের সম্পর্ককে নতুনভাবে তুলে ধরেছেন। আর সামনে দেখা যাবে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে। এখানে তিনি পর্দা ভাগ করবেন স্বামী অজয় দেবগন আর সাইফ আলী খানের সঙ্গে। এ ছাড়া, এস এস রাজমৌলির ‘আরআরআর’ ছবিতে প্রথমবারেরে মতো তিনি পর্দা ভাগ করবেন আলিয়া ভাটের সঙ্গে।