দুর্ঘটনায় নিহত দক্ষিণের অভিনেতা

নন্দমুরি হরিকৃষ্ণ
নন্দমুরি হরিকৃষ্ণ

ভারতের দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা নন্দমুরি হরিকৃষ্ণ (৬১) গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে অন্ধ্র প্রদেশের নালগোন্ডা এক্সপ্রেস ওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় নন্দমুরি হরিকৃষ্ণ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নালগোন্ডা এক্সপ্রেস ওয়ের পাশে রেলিংয়ে ধাক্কা খায়। চলন্ত গাড়ি থেকে ছিটকে বেরিয়ে যান নন্দমুরি হরিকৃষ্ণ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে সাতটা নাগাদ মারা যান তিনি। নন্দমুরি হরিকৃষ্ণ রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। তিনি ছিলেন তেলেগু দেশম পার্টির নেতা। রাজ্য সভার সদস্যও ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন নন্দমুরি হরিকৃষ্ণ।

নন্দমুরি হরিকৃষ্ণ দক্ষিণের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক এবং অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত নন্দমুরি তারকা রমা রাওয়ের ছেলে। তাঁর মৃত্যুতে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে সুহাসিনী এবং দুই ছেলে কল্যাণ রাম ও এনটিআর জুনিয়রকে রেখে গেছেন। এনটিআর জুনিয়র এখন তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক।

দক্ষিণের এই অভিনেতার মৃত্যুতে নাগার্জুন, কাজল আগরওয়াল, শ্রী রেড্ডি, রমেশ বালা, শ্রীধর পিল্লাইসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।