
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ‘বাহুবলী’র সিকুয়েলের শুটিং এখন চলছে। এ ছবির নায়িকা অবন্তিকা (তামান্না ভাটিয়া) ঘোড়ায় চড়া শিখছেন। কারণ বাহুবলী ২-এ তাঁকে ঘোড়ায় চড়ে বেশ কিছু দৃশ্য অভিনয় করতে হবে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, তামান্না ভাটিয়া জিতু ভার্মার কাছে ঘোড়ায় চড়া শিখছেন। জিতু এর আগে কঙ্গনা রনৌত ও সোনাক্ষী সিনহাকেও এমন কিছুই শিখিয়েছেন।
ঘোড়ার চড়ে তলোয়ার চালিয়ে যুদ্ধ করা বেশ উপভোগ করছেন তামান্না। প্রথমে একটু সমস্যা হলেও এখন বেশ সাবলীলভাবেই ঘোড়ায় ওঠা মানিয়ে নিয়েছেন। এ ব্যাপারে তামান্না ভাটিয়া বলেন, ‘এটাই আমার প্রথম ঘোড়ার চড়ার চেষ্টা। তাই প্রথম প্রথম একটু সময় লাগছে। ঘোড়ার দৌড়ের তালের সঙ্গে সংযোগ, তাল ধরা এবং কিভাবে ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে হয় তা শিখেছি। ধীরে ধীরে ঘোড়ায় চড়ার বিষয়টি আমার কাছে অনেক মজার হয়ে উঠছে। ঘোড়ায় ওঠা ছাড়াও আমি ছবিতে তলোয়ার চালিয়ে যুদ্ধ এবং অ্যাকশন দৃশ্যগুলোতে কাজ করছি।’
ভারতের অন্যতম ব্যয়বহুল এই ছবিটি নিয়ে দর্শকদের চাহিদাও বেশ। ‘বাহুবলী-দুই’ ছবির পরিচালক এস এস রাজা মৌলি এখন এ ছবির গুরুত্বপূর্ণ কিছু অংশের শুটিং করছেন। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে সেই দৃশ্য ধারণের কাজ।
‘বাহুবলী: দ্য বিগিনিং’ এর মতোই এ ছবিতে অভিনয় করেছেন প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ। দারুণ ব্যবসাসফল এই ছবির সিক্যুয়েলটি ২০১৭ সালের ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা।