বিয়ের জন্য প্রস্তুত ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আজ থেকে শুরু হচ্ছে তাঁদের বিবাহপূর্ববর্তী আনুষ্ঠানিকতা। কিন্তু বিয়ের আগেই বাধল বিপত্তি। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী।

রাজস্থানভিত্তিক আইনজীবী নইত্রবিন্দ সিং জদৌন ভিকি ও ক্যাটের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এই বিয়ের জন্য চৌথ মাতা মন্দিরে যাওয়ার রাস্তা ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, এই অভিযোগ করা হয়েছে সিক্স সেন্সেস ফোর্ট বাড়বারার ম্যানেজার, বিয়ের ভেন্যু, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও ডিসট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, মন্দিরে যাওয়ার পথেই হোটেল সিক্স সেন্সেস অবস্থিত। হোটেল ম্যানেজার ডিসট্রিক্ট কালেক্টরের তত্ত্বাবধানে হোটেল থেকে মন্দিরে যাওয়ার রাস্তাটি ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এই বিয়ের কারণে পুণ্যার্থীদের মন্দিরে যেতে অসুবিধা হচ্ছে। কারণ, ছয় দিনের জন্য হোটেল সিক্স সেন্সেস থেকে মন্দিরে যাওয়ার প্রধান রাস্তাটি বন্ধ থাকবে।
আইনজীবী তাঁর অভিযোগপত্রে রাস্তাটি খুলে দেওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘বিয়ে নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু চৌথ কা বড়বারা হচ্ছে শতাব্দীপ্রাচীন চৌথ মাতার মন্দির। প্রতিদিন প্রার্থনার জন্য শত শত পুণ্যার্থী এখানে হাজির হন।’
বলিউডে বছরের শেষ দিনগুলো উদ্যাপিত হচ্ছে এই জমকালো বিয়ের আয়োজন দিয়ে। বেশ আগে থেকেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন চলছিল। শুধু চৌথ মাতার মন্দির নয়, তাঁরা ত্রিনেত্র গণেশ মন্দিরেও যাবেন, যেটি ভূমি থেকে ১ হাজার ৫০০ ফুট ওপরে অবস্থিত।
ইতিমধ্যে কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বিয়ের ভেন্যুতে পৌঁছে গেছেন। আজ তাঁদের সংগীত অনুষ্ঠান হবে। সোয়াই মাধোপুর জেলা প্রশাসকের তালিকা অনুযায়ী মাত্র ১২০ নিমন্ত্রিত অতিথি এই বিয়েতে উপস্থিত থাকবেন। তবে কে কে বিয়েতে হাজির থাকবেন, তাঁদের নাম এই তালিকায় নেই। প্রশাসন নির্দেশ দিয়েছে, সব অতিথি যেন করোনার দুটি টিকা নিয়ে থাকেন। এ ছাড়া তাঁদের সঙ্গে সাম্প্রতিক আরটিপিসিআরের নেগেটিভ রিপোর্টও থাকতে হবে। তাহলেই জেলা প্রশাসক ১২০ অতিথিকে বিয়েতে উপস্থিত থাকার অনুমতি দেবেন।