মেঘনার বড় ভক্ত

ফাতিমা সানা শেখ
ফাতিমা সানা শেখ

আমির খান অভিনীত ‘দাঙ্গাল’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আসেন ফাতিমা সানা শেখ। ভারতীয় নারী কুস্তিগির গীতা ফোগাতের চরিত্রে অভিনয় করা ফাতিমা সদ্য শেষ করেছেন ‘মডার্ন লাভ মুম্বাই’ ওয়েব সিরিজের কাজ। এই সিরিজে অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করার পর এখন তিনি প্রস্তুত হচ্ছেন তাঁর পরবর্তী প্রজেক্টের জন্য, যেখানে তিনি অভিনয় করবেন ইন্দিরা গান্ধী চরিত্রে। ফিল্ড মার্শাল স্যাম মানেকশের জীবনী নিয়ে নির্মিত ‘স্যাম বাহাদুর’ সিনেমায় ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমাটি পরিচালনা করছেন মেঘনা গুলজার।
সম্প্রতি এই অভিনেত্রী প্রকাশ করেছেন যে তিনি কেবল মেঘনা গুলজারের কারণেই সিনেমাটি করতে রাজি হয়েছেন। তিনি ছবিটির জন্য শুধু লুক টেস্ট দিয়েছিলেন।

ফাতিমা সানা শেখ

ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করার জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, সে সম্পর্কে ফাতিমা বলেন, ‘আমি তাঁর অনেক পুরোনো সাক্ষাৎকার দেখছি। তাঁকে নিয়ে লেখা প্রচুর বই পড়ছি।’ তিনি আরও বলেন, যদিও এই বিষয়গুলো পর্দায় দেখানো হবে না, তবে ইতিহাস পরিবর্তন করেছেন, এমন একজন বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে জানা সত্যিই আকর্ষণীয়।

ফিল্ড মার্শাল স্যাম মানেকশের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। এতে আরও অভিনয় করছেন দাঙ্গাল–এ ফাতিমার সহ-অভিনেত্রী সানিয়া মালহোত্রা। সানিয়ার সঙ্গে আবার অভিনয় করতে পারায় উচ্ছ্বসিত ফাতিমা। তিনি পিংকভিলাকে বলেন, ‘একই ছবিতে আমরা একসঙ্গে কাজ করব, এটা আমাদের জন্য বিশেষ কিছু। আমি মনে করি, আমরা একে–অপরের জন্য ভাগ্যবান এবং ভিকি একজন প্রেমিক। সুতরাং অনেক মজা হতে যাচ্ছে। আর আমি মেঘনার বড় ভক্ত।’

ফাতিমা সানা শেখ

এ ছাড়া ফাতিমা এখন ব্যস্ত রয়েছেন ‘ধক ধক’ সিনেমার শুটিং নিয়ে। চারজন নারীর নিজের মতো করে পথচলার ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে ফাতিমার সঙ্গে দেখা যাবে রত্না পাঠক শাহ, দিয়া মির্জা, সঞ্জনা সাংঘাইকে। আমির খানের সঙ্গে ফাতিমা সানা শেখের সম্পর্কের গুঞ্জন রয়েছে। অনেকের ধারণা, কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের সংসার ভাঙার নেপথ্যে রয়েছেন তিনি। এ–ও শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যে আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসবেন ফাতিমার সঙ্গে।