৩৬ কোটি দিয়ে রণবীরের পাশের ফ্ল্যাট কিনলেন আলিয়া

লকডাউনের সময় একে অপরের সঙ্গ দারুণভাবে উপভোগ করেছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। দীর্ঘ সময় তাঁরা নিরিবিলি কাটিয়েছেন এক ছাদের নিচে। এবার তাঁদের ঠিকানাও এক হতে চলেছে। রণবীরের আবাসনে তাঁর পাশেই ফ্ল্যাট কিনেছেন আলিয়া।

রণবীর কাপুর ও আলিয়া ভাট
ইনস্টাগ্রাম

করোনার কারণে ভারতজুড়ে দীর্ঘ কয়েক মাস লকডাউন ছিল। এই সময় বলিউডের এই জুটি একসঙ্গে থেকেছেন রণবীরের ফ্ল্যাটে। সে সময় রণবীরের সঙ্গে কোনো ছবি পোস্ট না করলেও রণবীরের কুকুরদের সঙ্গে নিয়মিত ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। রণবীরের পোষা কুকুর নিয়ে হাঁটতেও বেরিয়েছেন দুজন। প্রেমিকার সঙ্গে থাকার জন্য রণবীর তাঁর ক্যানসারে আক্রান্ত বাবা ঋষি কাপুরের বাড়ি থেকে বের হয়ে এসেছেন। এরই মধ্যে গত ৩০ এপ্রিল মারা গেলেন ঋষি কাপুর। শেষ দিনগুলোয় বাবার সঙ্গে না থাকার জন্য সমালোচিতও হয়েছেন তিনি।

রণবীর কাপুর ও আলিয়া ভাট

ঋষি কাপুরের মৃত্যুর সময় আলিয়া পুত্রবধূর মতোই দাঁড়িয়েছেন রণবীরের পরিবারের পাশে। শক্ত করে ধরেছেন রণবীরের হাত। এই কঠিন সময়ে তাঁদের ভালোবাসা আরও গভীর হয়েছে। এবার রণবীরের আবাসনেই এক বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন আলিয়া। অর্থাৎ পাকাপাকিভাবে রণবীরের কাছে আসতে চলেছেন এই বলিউড নায়িকা।

প্রেমিক রণবীর কাপুর ও তাঁর মা নিতু কাপুরের সঙ্গে আলিয়া ভাট।

এক মাস আগে বান্দ্রার পালি হিলের বাস্তু আবাসনের পঞ্চম তলায় একটি ফ্ল্যাট কিনেছেন আলিয়া। ১২তলা এই বিল্ডিংয়ের সপ্তম তলায় থাকেন রণবীর। ২,৪৬০ বর্গফুটের ফ্ল্যাটটির জন্য আলিয়াকে দিতে হয়েছে ৩২ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৩৬ কোটি ৫২ লাখ টাকার সমান। বাস্তু আবাসনটি কাপুর পরিবারের কৃষ্ণা রাজ বাংলোর একদম কাছেই।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক আয়ান মুখার্জির সঙ্গে আলিয়া ভাট ও রণবীর কাপুর

দীপাবলির সময় নতুন এই ফ্ল্যাটেই প্রদীপ প্রজ্জ্বলন, ঘর সাজানো, পূজা, খাওয়াদাওয়াসহ সমস্ত আয়োজন করেছিলেন আলিয়া। এই বিশেষ দিনে আলিয়া আর রণবীরের পরিবার ছাড়া চিত্রনির্মাতা করণ জোহর, পরিচালক আয়ান মুখার্জিও সেই নতুন ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। জানা গেছে, আলিয়ার এই স্বপ্নের বাসা সাজিয়ে তুলবেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এই বলিউড তারকার ফ্ল্যাটের অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছেন এই ইনটেরিয়র ডিজাইনার।

৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে আলিয়া ভাট ও রণবীর কাপুর

এই মুহূর্তে আলিয়া তাঁর বোন শাহীনের সঙ্গে জুহুতে আছেন। আলিয়ার জুহুর বাসাটি তাঁর বাবা মহেশ ভাটের বাসার কাছেই। একদিকে আলিয়া ব্যস্ত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘আরআরআর’ ছবির শুটিং নিয়ে। অন্যদিকে চলছে নতুন বাসা সাজানোর কাজ।

বোন শাহীন ভাটের সঙ্গে আলিয়া ভাট