'কলঙ্ক' ছবির সেটে মাধুরীকে দেখে আলিয়া পাথর হয়ে গিয়েছিলেন

আলিয়া ভাট
আলিয়া ভাট


শুটিং সেটে আলিয়া ভাট পাথর হয়ে গেছেন! ভাবতে পারেন? হ্যাঁ, এমনটাই ঘটেছে। আলিয়া ভাট জানালেন, ‘কলঙ্ক’ ছবির সেটে মাধুরী দীক্ষিতকে কাছ থেকে দেখে তিনি নাকি পাথর হয়ে গিয়েছিলেন। বললেন, ‘দুই দিন শুটিং করার পর আড়ষ্টতা একটু কেটেছে। কোনো দিন ভাবিনি, আমরা একসঙ্গে ক্যামেরার সামনে কাজ করব। মাধুরী এখনো এত সুন্দরী যে চোখ ফেরানো যায় না।’

‘রাজি’ ছবিতে আলিয়া ভাট

১১ মে মুক্তি পাচ্ছে আলিয়া ভাটের নতুন ছবি ‘রাজি’। ছবিতে কাশ্মীরের একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালক মেঘনা গুলজার। গত ১০ এপ্রিল ছবির ট্রেলার প্রকাশ করা হয়। প্রথম ঝলকেই আলিয়া মাতিয়ে দিয়েছেন। সাধারণ এক মেয়ের অসাধারণ পরিস্থিতি মোকাবিলা করার গল্প দেখা যাবে এই ছবিতে। এত দিন যিনি বেশির ভাগ ছবিতে মা-বাবার আদরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, এখানে তাঁর চরিত্র সম্পূর্ণ উল্টো। ‘রাজি’তে দেশের স্বার্থে মেয়েকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেন আলিয়ার বাবা। এখানে আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা যাবে রজিত কাপুরকে। গুপ্তচরবৃত্তির জন্য মেয়েকে তিনি পাকিস্তানের এক সেনা কর্মকর্তার সঙ্গে বিয়ে দেন। ভিকি কুশলের সঙ্গে সংসার করে পাকিস্তান থেকে প্রয়োজনীয় নানা তথ্য ভারতে পাচার করেন আলিয়া। ছবিটি ১৯৭১ সালের পটভূমিকে ঘিরে। হরিন্দ্র শিক্কার উপন্যাস ‘কলিং সেহমাত’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। সত্য ঘটনা অবলম্বনে এই উপন্যাস লিখেছেন তিনি।

‘রাজি’ ছবিতে আলিয়া ভাট

‘রাজি’ ছবির শুটিং হয়েছে পাঞ্জাব, জম্মু, কাশ্মীর আর মুম্বাইয়ে। কাশ্মীরের অভিজ্ঞতা নিয়ে আলিয়া ভাট বললেন, ‘ওখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে খুব দুঃখ পেয়েছি। পর্যটকদের সংখ্যা কমে গেছে বলে তাদের খুব আফসোস।’

‘রাজি’ ছবিতে আলিয়া ভাট

এবারই প্রথম আলিয়া ভাট তাঁর মা বলিউডের আরেক অভিনেত্রী ও চিত্র পরিচালক সোনি রাজদানের সঙ্গে অভিনয় করেছেন। বললেন, ‘মেঘনার আগে কেউ আমাকে আর মাম্মিকে একসঙ্গে ছবিতে নেননি। খবরটা পেয়ে খুব খুশি হয়েছিলাম। আবার টেনশন হয়েছে। মা সংলাপ ভুলে যাবে না তো! আসলে বাসায় মা দুর্বোধ্য হিন্দি বলেন। আর ছবিতে তাঁকে উর্দু বলতে হয়েছে! মাকে সেটে দেখার অনুভূতিই আলাদা।’

‘রাজি’ ছবিতে আলিয়া ভাট

মাকে নিয়ে আরও বলেন, ‘আমি একদম আমার মায়ের মতো। কিন্তু মায়ের একটা খারাপ স্বভাব পেয়েছি, সুযোগ পেলেই কাউকে ওষুধ আর ডাক্তার নিয়ে জ্ঞান দেওয়া। তবে আমি আগের চেয়ে অনেক পরিণত। মা বলেছেন, আমি তরুণী থেকে দায়িত্বপরায়ণ নারীতে পরিণত হয়েছি। কয়েক বছর আগেও ভীষণ বিশৃঙ্খল ছিলাম। এখন অনেক সামলে নিয়েছি। আমি এখন মাকে গাইড করি।’

আর বাবা প্রখ্যাত চিত্র পরিচালক মহেশ ভাটের ব্যাপারে বললেন, ‘আমার কোনো ছবি মুক্তির পর বাবা আমার অভিনয় নিয়ে বিশ্লেষণ করেন। আগে একদম সময় পেতাম না। কিন্তু এখন বাবা নাছোড়বান্দা! ফোন করে সোজা সেটে চলে আসেন। ১০ মিনিট হলেও আমরা একসঙ্গে সময় কাটাই। ইদানীং আমরা ভালো বন্ধু।’

মা সোনি রাজদানের সঙ্গে আলিয়া ভাট

জানালেন, আরেক বলিউড তারকা সোনম কাপুরের বিয়েতে যাচ্ছেন। বললেন, ‘আমি ভীষণ খুশি আর উত্তেজিত।’

কারিনা কাপুর আর সোনম কাপুর নিজেদের ক্যারিয়ারের যে পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, আলিয়া ভাট মনে করেন, তা সবার সামনে নতুন উদাহরণ। বললেন, ‘আমার তো মনে হয়, বিয়ে মানেই ক্যারিয়ার শেষ নয়।’