
বলিউড তারকারা নিজেদের প্রেমের খবর প্রকাশের ব্যাপারে খুবই রক্ষণশীল। তবে পাপারাজ্জি, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে চাইলেই কি আর প্রেমের খবর গোপন রাখা যায়? এই যেমন নিজেরা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি যে প্রেম করছেন, এটা মোটামুটি সবাই জানেন। বলিউডে প্রেমিক যুগলের তালিকায় যুক্ত হলো নতুন নাম। একটি ভিডিও প্রকাশের পর তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে এসেছে।
নতুন এই প্রেমিক জুটি আর কেউ নন, জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী তামান্না ভাটিয়া ও গত বছর ওয়েব সিনেমা ‘ডারলিংস’ দিয়ে ব্যাপক প্রশংসা পাওয়া অভিনেতা বিজয় ভার্মা। দিন দুই আগে গোয়াতে একসঙ্গে নতুন বছর উদ্যাপন করেছেন দুজন। সেই উদ্যাপনের একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটিতে তাঁদের পরস্পরকে চুমু খেতে দেখা গেছে। এর পর থেকেই তাঁদের প্রেম নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। প্রকাশিত ভিডিওতে তামান্নাকে দেখা গেছে গোলাপি পোশাকে, বিজয় পরেছিলেন সাদা টি-শার্ট। তাঁদের প্রেম নিয়ে আলোচনা হলেও দুজনের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা একসঙ্গে অ্যানথোলজি ওয়েব সিনেমা ‘লাস্ট স্টোরিজ টু’-তে অভিনয় করেছেন। সুজয় ঘোষের ছবিটিতে অভিনয় করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আসেন তাঁরা, শুরু হয় প্রেমের সম্পর্ক। ‘লাস্ট স্টোরিজ টু’ চলতি বছরই মুক্তি পাবে।
এই প্রথম নয়, কিছুদিন আগেও দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে দুজনকে একসঙ্গে দেখা যায়। এ ছাড়া গত ২১ ডিসেম্বর ছিল তামান্না ভাটিয়ার জন্মদিন। সেদিনও তামান্না ভাটিয়ার বাড়ির সামনে ক্যামেরাবন্দী হন বিজয়।