কাশমিরা শাহ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কাশমিরা শাহ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

সিনেমায় তাঁর অভিনীত চরিত্রটি খুব একটা বড় ছিল না, তেমন পারিশ্রমিকও পাননি। তবু সেই সিনেমাই বদলে দেয় তাঁর ক্যারিয়ারের গতিপথ। হচ্ছিল বলিউড অভিনেত্রী কাশমিরা শাহর কথা। শাহরুখ খানের সঙ্গে ‘ইয়েস বস’ ছবিতে অভিনয় করে তিনি গড়ে নিয়েছিলেন ক্যারিয়ারের ভিত।

ছবিতে একটি ধনী, আভিজাত্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন কাশমিরা। পর্দায় তিনি ছিলেন আত্মবিশ্বাসী, ঝলমলে এক নারী; কিন্তু বাস্তবে তখন তাঁর জীবন ছিল সম্পূর্ণ বিপরীত। ছবির সেটে সহ-অভিনেতা শাহরুখ খান কিংবা জুহি চাওলার মতো তারকারা যেখানে বিলাসবহুল গাড়িতে করে আসতেন, সেখানে কাশমিরা আসতেন একটি অটোরিকশায়।

কাশমিরা শাহ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কাশমিরা নিজেই স্বীকার করেছেন, সে সময় তাঁর গাড়ি কেনার সামর্থ্য ছিল না, এমনকি নিয়মিত আয়ও ছিল অনিশ্চিত। তবু অভিনয়ের প্রতি ভালোবাসা আর সুযোগ হাতছাড়া না করার তাগিদে তিনি প্রতিদিন সময়ের আগেই সেটে পৌঁছে যেতেন, যাতে কেউ তাঁর বাস্তব অবস্থাটা বুঝে না ফেলে।

কাশমিরা মাত্র ৩০ হাজার রুপি পারিশ্রমিকে কাজ করেছিলেন সেই ছবিতে। কিন্তু সেই ছোট্ট সুযোগই তাঁর জন্য হয়ে উঠেছিল বলিউডে প্রবেশের দরজা। ‘ইয়েস বস’ ছিল তাঁর প্রথম বড় হিন্দি ছবি, যার পরপরই তিনি ‘পেয়ার তো হোনা হি থা’, ‘হেরা ফিরি’, ‘জঙ্গল’ ইত্যাদি চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে জায়গা করে নেন।

কাশমিরাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মারাঠি সিনেমা ‘নায় ভারানভাত লোচা কান নায় কোনচা’য়।

এ ছাড়া প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন রিয়েলিটি শো ‘লাফটার শেফস—আনলিমিটেড ইন্টারটেইনমেন্ট’–এ।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

কাশমিরা শাহ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে