‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী ও রামচরণ। আইএমডিবি
‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী ও রামচরণ। আইএমডিবি

‘পেড্ডি’র বাজিমাত, চমকে দিয়েছে এই ভৌতিক ছবি

‘ম্যায় বাপাস আউঙ্গা’, ‘ভারত ভাগ্য বিধাতা’—এ দুই ছবির মধ্যে এখন জোর টক্কর চলছে। এদিকে ‘গভর্নর’ এদের পিছু পিছু ছুটছে। তবে এই তিন ছবির তুলনায় দক্ষিণি ছবি ‘পেড্ডি’ এগিয়ে রয়েছে। অন্যদিকে ‘হন্টেড থ্রি–ডি’র আয়ও বেড়েছে। সপ্তাহান্তে ‘পেড্ডি’ বক্স অফিসে নিজের শক্ত অবস্থান আরও একবার প্রমাণ করেছে। দিলজিৎ দোসাঞ্জ আর কঙ্গনা রনৌতের ছবিও সপ্তাহান্তে বেশ ভালো আয় করেছে। তবে চমক দিয়েছে বিক্রম ভাটের হরর ছবি।

রোববার বলিউডের ‘ম্যায় বাপাস আউঙ্গা’, ‘ভারত ভাগ্য বিধাতা’ ও ‘গভর্নর’ ছবিগুলো সপ্তাহান্তের সুবিধা পেয়েছে। একই সঙ্গে হরর ছবি ‘হন্টেড থ্রি–ডি’ও রোববার ভালো ব্যবসা করেছে। দক্ষিণি ছবি ‘পেড্ডি’র আয়েও সপ্তাহান্তে আবারও উত্থান দেখা গেছে। জেনে নেওয়া যাক, রোববার কোন ছবি কত আয় করেছে।

‘ম্যায় বাপাস আউঙ্গা’
দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘ম্যায় বাপাস আউঙ্গা’ মুক্তির তিন দিন পূর্ণ করেছে। রোববার ছবিটি সপ্তাহান্তের সুবিধা পেয়েছে। তৃতীয় দিনে এটি বক্স অফিসে ২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। শনিবার ছবিটির আয় ছিল ১ কোটি ৮৫ লাখ রুপি। ফলে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। তবে প্রায় ৭০ কোটি রুপি বাজেটের তুলনায় ছবিটির সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। ইমতিয়াজ আলী পরিচালিত এই রোমান্টিক ছবিতে দিলজিৎ ছাড়া অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, বেদাঙ্গ রায়না ও শর্বরী বাগ।

‘ম্যায় বাপাস আউঙ্গা’–এর পোস্টার থেকে। আইএমডিবি

‘ভারত ভাগ্য বিধাতা’
২৬/১১ মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে নির্মিত ‘ভারত ভাগ্য বিধাতা’ ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বক্স অফিসে ছবিটির শুরুটা ধীরগতির ছিল। রোববার সপ্তাহান্তের সুবিধা পেয়ে ছবিটির আয়ে সামান্য বৃদ্ধি দেখা যায়। এদিন ছবিটি ১ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। শনিবার এর আয় ছিল ১ কোটি ৪৫ লাখ রুপি। ফলে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লাখ রুপি। কঙ্গনা রনৌতের এই ছবির বাজেট প্রায় ১৫ কোটি রুপি।

‘গভর্নর’
১৯৯১ সালে ভারতে অর্থনৈতিক সংকটের পটভূমিতে নির্মিত ‘গভর্নর’ ছবিটিরও মুক্তির তিন দিন পূর্ণ হয়েছে। ১২ জুন ‘ম্যায় বাপাস আউঙ্গা’ আর ‘ভারত ভাগ্য বিধাতা’র সঙ্গে মনোজ বাজপেয়ী অভিনীত ছবিটি মুক্তি পেয়েছিল। রোববার ‘গভর্নর’ বক্স অফিসে ১ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে। শনিবার এর আয় ছিল ১ কোটি ১৫ লাখ রুপি। সব মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ রুপি। এ ছবিতে মনোজ বাজপেয়ী ছাড়া আছেন অদা শর্মা ও মধু। ‘গভর্নর’ পরিচালনা করেছেন চিন্ময় মান্ডলেকর। ছবিটি নির্মাণ করতে ২৫ কোটি রুপি খরচ হয়েছে।

‘পেড্ডি’র গানের দৃশ্যে শ্রুতি হাসান, রামচরণ ও জাহ্নবী কাপুর। এক্স থেকে

‘হন্টেড ৩ডি: ইকোজ অব দ্য পাস্ট’
নতুন মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে হরর ছবি ‘হন্টেড ৩ডি: ইকোজ অব দ্য পাস্ট’। মাত্র ১৫ কোটি রুপি বাজেটের ছবিটি প্রথম তিন দিনে ৯ কোটি ৩৫ লাখ রুপি নেট আয় করেছে। অন্য তিন ছবির তুলনায় ‘হন্টেড ৩ডি: ইকোজ অব দ্য পাস্ট’ এগিয়ে রয়েছে। রোববার ছবিটি ওই তিন ছবির চেয়ে বেশি আয় করেছে। এদিন এর আয় ছিল ৩ কোটি ৬০ লাখ রুপি। শনিবার বিক্রম ভাট পরিচালিত এই হরর ছবিটির আয় ছিল ৩ কোটি ২৫ লাখ রুপি। তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯ কোটি ৩৫ লাখ রুপি।

‘পেড্ডি’
রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’ মুক্তির ১১ দিনে ভারতে ২১৬ কোটি রুপি নেট এবং বিশ্বব্যাপী প্রায় ৩০৮ কোটি রুপি গ্রস আয় করেছে। যদিও ৩৫০ কোটি রুপি বাজেটের তুলনায় ছবিটি এখনো পিছিয়ে রয়েছে। এই স্পোর্টস ড্রামা ছবিটি পরিচালনা করেছেন বুচি বাবু সানা।