
আজকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিন্তু অভিনয়জীবনের শুরুতে তাঁকে নিয়ে পরিচালকদের বেশ বেগ পেতে হয়েছিল। অন্তত এমনটাই দাবি করেছেন ২০০৪ সালের তেলেগু সুপারহিট ছবি ‘মল্লিশ্বরী’র পরিচালক কে বিজয় ভাস্কর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় ভাস্কর স্মৃতিচারণা করে বলেন, তেলেগু ছবিতে ক্যাটরিনার অভিষেক ঘটলেও সে সময় অভিনেত্রী হিসেবে তিনি একেবারেই নবীন ছিলেন। ফলে তাঁকে চরিত্রের উপযোগী করে গড়ে তুলতে বেশ পরিশ্রম করতে হয়েছে।
পরিচালকের ভাষায়, ক্যাটরিনা তখনো অভিনয়ের মৌলিক বিষয়গুলো শিখছিলেন। কীভাবে বসতে হবে, কীভাবে চলতে হবে কিংবা একটি তেলেগু পরিবারের মেয়ের আচরণ কেমন হওয়া উচিত—এসব বিষয় তাঁকে আলাদা করে বুঝিয়ে দিতে হয়েছে। কারণ, ক্যাটরিনার বেড়ে ওঠা ছিল সম্পূর্ণ ভিন্ন পরিবেশে।
বিজয় ভাস্কর বলেন, ছবিতে ক্যাটরিনা ছিলেন রাজকন্যার চরিত্রে। চরিত্রটির মধ্যে যেমন আভিজাত্য থাকতে হবে, তেমনি থাকতে হবে নম্রতা ও আন্তরিকতাও। সেই আবহ তৈরি করতে ইউনিটকে অনেক সময় ব্যয় করতে হয়েছিল। তবে একই সঙ্গে পরিচালক ক্যাটরিনার প্রশংসাও করেছেন। তাঁর মতে, অভিনয়ের অভিজ্ঞতা কম থাকলেও তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং শেখার আগ্রহ ছিল প্রবল।
প্রায় হাতছাড়া হয়েছিল ‘মল্লিশ্বরী’
মজার বিষয় হলো, ক্যাটরিনা প্রথমে ছবিটিতে অভিনয় করতে রাজিই হননি। পরিচালক জানান, একটি বিজ্ঞাপনে ক্যাটরিনাকে দেখে তাঁর মনে হয়েছিল, এই চরিত্রের জন্য উপযুক্ত মুখ তিনিই।
গল্প শোনানোর পর ক্যাটরিনা প্রাথমিকভাবে সম্মতি দিয়েছিলেন। কিন্তু পরে কিছু বিষয়ে মতবিরোধ দেখা দেয়। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠান অগ্রিম পারিশ্রমিক দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকৃতি জানান। ফলে নির্মাতারা অন্য অভিনেত্রীর খোঁজ শুরু করেন।
তখন বেশ কয়েকজন বিউটি কুইনকে অডিশনের জন্য ডাকা হয়। আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রেও। পরিচালকের মতে, সে সময় সোনালি ছিলেন সৌন্দর্য ও পেশাদারত্বের দিক থেকে সবার প্রথম পছন্দ। কিন্তু তিনি নতুন মুখ খুঁজছিলেন, যাতে দর্শক সত্যিই মনে করেন, তাঁরা এক রাজকন্যাকে পর্দায় দেখছেন।
সঠিক সিদ্ধান্তই বদলে দেয় ভাগ্য
শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থাকেন বিজয় ভাস্কর। ক্যাটরিনাকেই নেওয়া হয় ছবির নায়িকা হিসেবে। সে সিদ্ধান্তই পরে ইতিহাস হয়ে যায়। ‘মল্লিশ্বরী’ ক্যাটরিনার তেলেগু অভিষেকের পাশাপাশি দক্ষিণ ভারতীয় দর্শকদের কাছেও তাঁকে পরিচিত করে তোলে।
এরপর ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন ক্যাটরিনা। ‘নমস্তে লন্ডন’, ‘এক থা টাইগার’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘টাইগার জিন্দা হ্যায়’সহ একের পর এক সফল ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন।
এনডিটিভি অবলম্বনে