
শাহরুখ খানের বাসভবন মান্নাতে বেআইনিভাবে অনুপ্রবেশের দায়ে দুই তরুণকে আটক করেছে মুম্বাই পুলিশ। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
শাহরুখ খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সর্বশেষ ‘পাঠান’ সুপারহিট হওয়ার পর অভিনেতাকে নিয়ে তাঁর ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। মুম্বাইয়ে তাঁর বাসভবন মান্নাতে শাহরুখকে একনজর দেখতে প্রায়ই ভিড় করেন ভক্তরা। ঈদ, নিজের জন্মদিন থেকে শুরু করে বিশেষ দিনগুলোয় ভক্তদের দেখাও দেন অভিনেতা। তবে গতকাল যাওয়া দুই ভক্ত বাংলোর বাইরে অপেক্ষা করেননি, সরাসরি ঢুকে গেছেন মান্নাতে।
এনডিটিভি জানিয়েছে, গতকাল শাহরুখের বাংলো মান্নাতে ঢুকে পড়েন ২০ ও ২২ বছর বয়সী দুই তরুণ। পুলিশ জানিয়েছে, আটক দুই তরুণ গুজরাটের বাসিন্দা। তাঁরা মুম্বাইয়ে এসেছেন ‘পাঠান’ অভিনেতাকে একনজর দেখতে। কীভাবে তাঁরা নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মান্নাতে প্রবেশ করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
গত বছরই মান্নাতে নতুন প্রবেশদ্বার তৈরি করা হয়, লাগানো হয় নতুন নামফলক। শাহরুখ খানের সর্বশেষ সিনেমা ‘পাঠান’ বক্স অফিসে এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এ ছবির সাফল্যের পরও মান্নাতের ব্যালকনিতে এসে ভক্তদের অভিবাদনের জবাব দিয়েছেন শাহরুখ।
অভিনেতা এখন তাঁর নতুন ছবি ‘জওয়ান’ নিয়ে ব্যস্ত। চলতি বছরের মাঝামাঝিতে ছবিটির মুক্তির কথা থাকলেও শোনা যাচ্ছে, অ্যাটলি কুমারের ছবিটি ডিসেম্বরে পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখের আরেকটি ছবি ‘ডানকি’র মুক্তি পিছিয়ে ২০২৪ সালে যেতে পারে।