শ্রেয়া ধন্বন্তরি
শ্রেয়া ধন্বন্তরি

কষ্টের সেই দিনগুলোর কথা মনে পড়ে শ্রেয়ার

কয়েক বছর আগেও বলিউড অভিনেতা শ্রেয়া ধন্বন্তরি অনেকেরই কাছে অচেনা ছিলেন। দিন ফিরেছে, শ্রেয়ার পায়ের তলার মাটি এখন বেশ শক্তপোক্ত। তবে এই অবস্থায় আসার পেছনে এক দীর্ঘ সংগ্রাম আছে তাঁর।
ইমরান হাশমির বিপরীতে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রাখলেও তেমন নজরে আসেননি শ্রেয়া। ছবিটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘোরাতে পারেনি। কিন্তু পরবর্তী সময়ে অ্যামাজন প্রাইম শোর ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে গোয়েন্দা অফিসারের ভূমিকায় অভিনয় করে এসেছিলেন আলোচনায়। ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’তে সাংবাদিকের চরিত্রে দেখিয়েছেন তাঁর অভিনয়দক্ষতা। এরপর ধীরে ধীরে সফলতার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেন শ্রেয়া। আর বালকির ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ ছবিতে তাঁর অভিনয় বেশ সাড়া ফেলে। এবার তাঁকে সদ্য দেখা গেছে নেটফ্লিক্সের ‘গানস অ্যান্ড গুলাবস’ ওয়েব সিরিজে।

ফিল্ম ফেয়ার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া তাঁর শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন। পরিবারকে ছেড়ে একা একা বেকার হয়ে মুম্বাই শহরে থাকার যে কী কষ্ট, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এ অভিনেত্রী। শ্রেয়া স্মৃতিচারণায় বলেছেন, ‘১০ বছর আগে আমি এই শহরে এসেছিলাম। আর তখন থেকে নিজেকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করে যাচ্ছি। প্রতিদিন অডিশন দিতাম আর প্রত্যাখ্যাত হতাম। আমার চোখের জল মোছার মতো পাশে কেউ ছিল না। নীরবে কাঁদতাম, নিজের চোখের জল মুছতাম।

শ্রেয়া ধন্বন্তরি

এমন হয়েছে যে নিজেকে নিয়ে নিজেই হাসতাম। কী করছি আমি!’ আবেগাপ্লুত হয়ে শ্রেয়া বলেন, ‘অডিশন দেওয়ার সময় সেজেগুজে যেতে হয়। যেন দেখতে সুন্দর লাগে। মানে মেকআপ, চুল সব পারফেক্ট হওয়া চাই। ট্রেনে চেপে আবার কখনো অটোতে করে অডিশন দিতে যেতে হতো। স্টুডিওতে গিয়ে যখন পৌঁছাতাম, তখন আমার অবস্থা খারাপ। ঘেমে ভিজে একাকার। অনেক সময় ট্যাক্সিতে চেপে অডিশন দিতে গিয়েছি, সেদিন তো টাকা বাঁচাতে লাঞ্চ করতাম না। নিজের স্বপ্নকে ধাওয়া করতে করতে অনেক দিন ক্ষুধার্ত কাটিয়েছি আমি।’ শ্রেয়া বলেছেন, ‘অভিনয়ে আসার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমার নিজের। তাই আমি আমার এই স্বপ্নের বোঝা আমার বাবা-মায়ের ওপর চাপিয়ে দিতে চাইনি।’

শ্রেয়া ধন্বন্তরি

বহিরাগত বনাম তারকাসন্তান—এই বিতর্ক বিটাউনে চলেই আসছে। এ প্রসঙ্গে শ্রেয়ার ভাষ্য, ‘এটা ঠিক, তারকাসন্তানদের এই সংগ্রামের মধ্যে যেতে হয় না।

শ্রেয়া ধন্বন্তরি

মাসের শেষে তাঁদের বাড়িভাড়াসহ অন্যান্য বিল মেটানোর কথা ভাবতে হয় না। তাঁদের বাড়ির দোরগোড়ায় ২৪ ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকে। তাঁদের আশপাশে সব সময় প্রিয়জনেরা থাকেন। আর আমার মতো অন্যান্যের এই লড়াই একাই লড়তে হয়। তার ওপর আমাদের নিজেদের ফিটনেস থেকে সাজগোজ, সবকিছু বজায় রাখতে হয়। তাই তাঁদের আর আমাদের তুলনা কোনোভাবেই টানা যায় না।’

শ্রেয়া ধন্বন্তরি