
বাগ্দানের কয়েক মাসের মধ্যেই প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক মন খারাপের পোস্ট শেয়ার করায় এমন আলোচনার জন্ম হয়েছিল ভারতীয় অভিনেত্রী জিয়া শঙ্করকে ঘিরে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তবে বাগ্দত্তা কারান ধানাকের সঙ্গে সম্পর্ক ভেঙেছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি তিনি; বরং ব্যক্তিগত জীবন নিয়ে অনুমাননির্ভর আলোচনা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।
গত ৩১ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে জিয়া লেখেন, ‘একটি বিষয় পরিষ্কার করতে চাই। আমার ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব অনুমান করা হচ্ছে, সেগুলো আমার প্রকাশ করা কথার সীমা ছাড়িয়ে গেছে। আমার সম্পর্ক নিয়ে দয়া করে অনুমান করবেন না কিংবা গুজব ছড়াবেন না। কিছু বিষয় ব্যক্তিগত। সবাই সেটিকে সম্মান করবেন, এটাই প্রত্যাশা।’
কেন বিচ্ছেদের গুঞ্জন
সম্প্রতি ইনস্টাগ্রামে হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা ও মানসিক কষ্ট নিয়ে লেখা বিভিন্ন পোস্ট ও রিল শেয়ার করছিলেন জিয়া। সেগুলো দেখেই তাঁর ভক্তদের একাংশ ধারণা করেন, বাগ্দত্তা কারান ধানাকের সঙ্গে সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে।
জিয়ার শেয়ার করা একটি পোস্টে লেখা ছিল, ‘দুটি বিষয়ে আমি নিশ্চিত—প্রার্থনা কাজে আসে এবং সময় হলে সবকিছুর হিসাব হয়।’ আরেকটি পোস্টে ছিল, ‘কিছু রাতে আমি সেরে উঠতে চাই না। বরং চাই, মহাবিশ্ব স্বীকার করুক, আমার সঙ্গে যা ঘটেছে, তা নিষ্ঠুর ছিল।’
এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।
আগস্টে বাগ্দান
চলতি বছরের ৫ আগস্ট কারান ধানাকের সঙ্গে বাগ্দানের খবর জানান জিয়া। সূর্যাস্তের সময় কারান হাঁটু গেড়ে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন—এমন কিছু ছবিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছিল তাঁর হীরার আংটি।
ছবির সঙ্গে জিয়া লিখেছিলেন, ‘আমার পাগলাটে মানুষ, আমার সবচেয়ে ভালো বন্ধু, তোমার সঙ্গে জীবন সত্যিই এক দারুণ রোমান্টিক কমেডি। তোমার সঙ্গে সারা জীবন কাটানোর অপেক্ষায় আছি। তুমি যেভাবে আমাকে ভালোবেসেছ, বাকি জীবন সেভাবেই তোমাকে ভালোবেসে যেতে চাই।’
বাগ্দানের আগে নিজেদের সম্পর্ক অনেকটাই আড়ালে রেখেছিলেন তাঁরা। বাগ্দানের ছবির মাধ্যমেই প্রথমবার অনুসারীদের সঙ্গে কারানকে পরিচয় করিয়ে দেন জিয়া। এরপর বিভিন্ন পার্টি, ভ্রমণ ও অবকাশযাপনের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন দুজনকে নিয়ে।
কে এই জিয়া শঙ্কর
ভারতীয় টেলিভিশন, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন জিয়া শঙ্কর। ‘মেরি হানিকারক বিবি’, ‘কাতেলাল’অ্যান্ড সন্স’ও ‘পিশাচিনী’ তাঁর উল্লেখযোগ্য টেলিভিশন কাজ। রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ অভিনীত মারাঠি সিনেমা ‘ভেদ’-এও দেখা গেছে তাঁকে।
তবে সবচেয়ে বেশি পরিচিতি পান ২০২৩ সালে ‘বিগ বস ওটিটি ২’-এ অংশ নিয়ে। অন্যদিকে কারান ধানাক, যিনি কেডি নামেও পরিচিত, যুক্তরাষ্ট্রভিত্তিক একজন উদ্যোক্তা।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে