স্ত্রী সরিতার সঙ্গে আর মাধবন। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
স্ত্রী সরিতার সঙ্গে আর মাধবন। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

এক পরামর্শ মেনেই ২৭ বছরের সুখী দাম্পত্য পেয়েছেন এই অভিনেতা

আজ ১ জুন দক্ষিণি অভিনেতা আর মাধবনের ৫৬তম জন্মদিন। জন্মদিন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তবে নিজের জন্মদিন নিয়ে কথা বলতে গিয়ে তাঁর স্ত্রী সরিতা বিরজে প্রসঙ্গেও কথা বলেছেন। ২৭ বছরের দাম্পত্য জীবন তাঁদের। মাধবন সাক্ষাৎকারে জানান দীর্ঘ সুখী দাম্পত্য জীবনের রহস্য।

মাধবন বলেন, ২৭ বছরের দাম্পত্য জীবনের সাফল্যের পেছনে পরিচালক মণি রত্নমের গুরুত্বপূর্ণ পরামর্শের কথা স্মরণ করেছেন।

কী ছিল সেই পরামর্শ? মাধবন জানান, বিয়ের পর মণি রত্নম তাঁকে বলেছিলেন যে অনেক দম্পতি অপ্রয়োজনীয়ভাবে নিজেদের সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে ফেলে। চলচ্চিত্রজগতে দীর্ঘ আউটডোর শুটিং, নতুন সহশিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং একাকিত্ব অনেক সময় সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে।

তাই মণি রত্নমের পরামর্শ ছিল, সম্ভব হলে স্ত্রীকে কাছাকাছি রাখো এবং জীবনের গুরুত্বপূর্ণ অংশ থেকে তাঁকে আলাদা করে রেখো না।

স্ত্রী সরিতার সঙ্গে আর মাধবন। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

এই পরামর্শ মেনে মাধবন তাঁর স্ত্রী সরিতা বিরজেকে প্রায় সব আউটডোর শুটিংয়ে সঙ্গে নিয়ে যেতেন। তাঁর ভাষায়, এতে তিনি কখনো একাকী বোধ করতেন না এবং স্ত্রীও জানতেন যে পর্দার রোমান্স বাস্তব জীবনের অনুভূতি নয়।

১৯৯১ সালে কোলহাপুরে ব্যক্তিত্ব উন্নয়ন ক্লাস নিতেন মাধবন। তখন সরিতা ছিলেন তাঁর ছাত্রী এবং বিমানবালা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষ করে চাকরি পাওয়ার পর সরিতা কৃতজ্ঞতা জানাতে মাধবনকে ডিনারে আমন্ত্রণ জানান। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম।

দীর্ঘ আট বছর প্রেমের পর ১৯৯৯ সালে তাঁরা বিয়ে করেন। ২০০৫ সালে জন্ম নেয় তাঁদের ছেলে বেদান্ত মাধবন, যিনি বর্তমানে সাঁতারে ভারতের প্রতিনিধিত্ব করছেন।
মাধবন বলেছিলেন, ‘আমরা অন্য সব দম্পতির মতোই ঝগড়া করি। কিন্তু আমরা একে অপরকে গভীরভাবে সম্মান করি। সরিতা কখনো মনে করেন না যে তিনি শুধু একজন তারকার স্ত্রী; তিনি আমার সমান অংশীদার।’

আরেকবার স্ত্রীর উদ্দেশে তিনি লিখেছিলেন, ‘তুমি আমাকে প্রতিদিন আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করো।’

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে