অনিতা কানওয়াল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অনিতা কানওয়াল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘আমি তাহলে বেঁচে আছি কেন’

একসময় ভারতীয় টেলিভিশনের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের একজন ছিলেন। একই সময়ে ১৩টি ধারাবাহিকে অভিনয় করেছেন। জনপ্রিয় সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন। এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখ খানের সঙ্গেও কাজ করেছেন। অথচ সেই অনিতা কানওয়াল এখন বলছেন, অডিশনে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন, কাজ পাচ্ছেন না, এমনকি কখনো কখনো নিজের অস্তিত্ব নিয়েও প্রশ্ন জাগে তাঁর মনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন বাস্তবতার কথা খুলে বলেছেন অনিতা কানওয়াল। আশির দশক থেকে দুই হাজারের শুরুর সময় পর্যন্ত ভারতীয় টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি। সেই সময়ের দর্শকদের কাছে তিনি ছিলেন ঘরের মানুষ।

অনিতা জানান, একটা সময় ছিল, যখন তিনি একসঙ্গে ১৩টি টেলিভিশন শোতে কাজ করতেন। নব্বইয়ের দশকের ভারতীয় টিভির সোনালি সময়ে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিভিন্ন সিরিয়ালে মায়ের চরিত্র, কঠোর অথচ আবেগপ্রবণ নারী কিংবা কর্তৃত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন।

অনিতা ছিলেন জনপ্রিয় টিভি সিরিজ ‘সার্কাস’-এর অংশ, যেখানে অভিনয় করেছিলেন তরুণ শাহরুখ খানও। বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার আগেই সেই সিরিজে কাজ করেছিলেন শাহরুখ। পরে ‘কাভি হ্যাঁ কাভি না’ ছবিতেও শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন অনিতা। সেখানে তিনি অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করেন।
তবে ক্যারিয়ারের এই দীর্ঘ অভিজ্ঞতার পরও আজ তাঁকে নিয়মিত অডিশন দিতে হচ্ছে। আর সেই অডিশন থেকেই ফিরতে হচ্ছে হতাশ হয়ে।

ইউটিউবার সিদ্ধার্থ কানানের সঙ্গে আলাপচারিতায় অনিতা বলেন, ‘আমি একসময় ১৩টি শোতে একসঙ্গে কাজ করতাম। মানুষ যখন আপনাকে ভুলে যেতে শুরু করে, তখন খুব কষ্ট হয়। এমন একটা সময় আসে, যখন নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছা করে। মাত্র তিন দিন আগে মেয়েকে বলেছি, আমি তাহলে বেঁচে আছি কেন? সমাজের জন্য বা শিল্পের জন্য এখন আমি কী অবদান রাখছি?’

অনিতা আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রিকে আমি অনেক কিছু দিয়েছি। সব ধরনের চরিত্র করেছি, অসংখ্য পুরস্কার পেয়েছি। তাহলে দোষটা কার—আমার, নাকি ইন্ডাস্ট্রির?’
বর্তমান পরিস্থিতি যে অনিতাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে, সেটিও অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। তাঁর ভাষায়, এখন তিনি আত্মসন্দেহে ভোগেন। ভাবেন, তাঁর মধ্যেই কি কোনো সমস্যা আছে? বয়স বেড়েছে ঠিকই, কিন্তু তাই বলে কি তাঁর আর কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ নেই?

অনিতা কানওয়াল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘আমি তো ১২ বছরের মেয়ের চরিত্র চাইছি না। ৭০ বছরের চরিত্র দিন। আমার বয়সী আরও অনেকে তো কাজ পাচ্ছেন। তাহলে আমি কেন পাচ্ছি না?’ বলেছেন অনিতা।
একটি অডিশনের অভিজ্ঞতাও তুলে ধরেন অনিতা। তিনি বলেন, এক সহকারী তাঁকে নিজের পরিচয় দিতে বলেন। উত্তরে তিনি বলেন, ‘আমি অনিতা কানওয়াল। তোমাদের অনেকের জন্মের আগ থেকেই অভিনয় করছি।’ এরপর ঘর একেবারে চুপ হয়ে যায়। পরে হাসতে হাসতে যোগ করেন, ‘অবশ্য শেষ পর্যন্ত আমি সেই চরিত্রটা পাইনি।’
অনিতার কথায় উঠে এসেছে আরেকটি হতাশাও। তাঁর দাবি, আগে তাঁকে বলা হতো টেলিভিশনে তাঁর মুখ খুব বেশি দেখা যাচ্ছে। কিন্তু গত আট বছর ধরে তিনি টিভিতে নিয়মিত কাজই করছেন না। অথচ এখন ওটিটি প্ল্যাটফর্মে একই অভিনেতাদের বারবার দেখা যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস