
দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। গানটিতে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তবে মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করছেন। গানের সঙ্গে নাচকেও ‘অশালীন’ বলে নিষিদ্ধের দাবি তুলেছিলেন অনেকে। আপত্তির মুখে গানটি সরিয়ে নেওয়া হয়। এবার গানটির জন্য ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত।
আজ সোমবার ভারতের নারী কমিশনের দপ্তরে হাজির হন সঞ্জয় দত্ত। আইনজীবীসহ উপস্থিত হয়ে তিনি কমিশনের প্রতি সম্মান জানিয়ে দুঃখ প্রকাশ করেন। তাঁর আইনজীবীর ভাষ্য অনুযায়ী সঞ্জয় দত্ত জানান, গানটির কথার অর্থ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। অন্য ভাষায় গানটি রেকর্ড করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি স্বেচ্ছায় ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
গত মার্চে মুক্তি পাওয়া এই গানটি প্রকাশের পরই নারী কমিশন এক বিবৃতিতে জানায়, গানটির বিষয়বস্তু প্রাথমিকভাবে যৌন ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর, যা ভারতীয় আইন—বিশেষ করে ভারতীয় ন্যায় সংহিতা, আইটি আইন ও পকসো আইনের বিধান লঙ্ঘন করতে পারে। এরপরই অভিনেতা-অভিনেত্রীদের তলব করা হয়।
বিতর্কের জেরে গানটির লিরিক্যাল ভিডিও ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালমসহ একাধিক ভাষায় প্রকাশিত গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
এদিকে নোরা ফাতেহিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি এ ধরনের কনটেন্ট সমর্থন করেন না। দর্শকের প্রতিক্রিয়ার কারণেই নির্মাতারা গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে