এখন শুধু সময়ের অপেক্ষা। এবার চিরবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। রাঘব আম আদমি পার্টির সংসদ সদস্য আর পরিণীতি বলিউড অভিনেত্রী। তাই তাঁদের বিয়েতে তারকাদের সমাবেশ যে হবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই রাঘব-পরির বিয়েতে অত্যন্ত কড়া নিরাপত্তাব্যবস্থা রাখা হচ্ছে।
প্রস্তুতি শুরু হয়ে গেছে, উদয়পুরের লীলা প্যালেস এখন আলোয় আলোয় ঝলমল করছে। এখানেই ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়বেন রাঘব ও পরিণীতি। হবু দম্পতি ইতিমধ্যে উদয়পুরে পৌঁছে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওয় দেখা যায়, পরিণীতিকে ঢাকঢোল পিটিয়ে ও ফুল দিয়ে লীলা প্যালেসে স্বাগত জানানো হচ্ছে। রাঘব ও পরিণীতির সঙ্গে তাঁদের দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উদয়পুরে পৌঁছে গেছেন। এই রাজকীয় বিয়ের নিমন্ত্রিত তালিকা থেকে অন্য সবকিছু গোপন রাখা হয়েছে। তবে তারই মধ্যে থেকে কিছু তথ্য ফাঁস হয়ে গেছে।
রাঘব ও পরিণীতির বিয়েতে হেভিওয়েট রাজনৈতিক নেতা থেকে বিটাউন তারকারা উপস্থিত থাকবেন।
তাই তাঁদের বিয়েতে ১০০ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। তাজ লেক প্যালেস থেকে নৌকা করে রাঘব বরযাত্রীসহ লীলা প্যালেসে আসবেন। আর তাই ঝিলজুড়ে নিরাপত্তারক্ষীরা থাকবেন। জানা গেছে, নিরাপত্তারক্ষীদের জন্য আলাদা পাঁচটা নৌকার ব্যবস্থা করা হয়েছে। ঝিলে ঘুরে তাঁরা পাহারা দেবেন।
বিয়ের কোনো ভিডিও ও ছবি যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য হোটেলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, যাঁরা হোটেলে প্রবেশ করবেন, তাঁদের প্রত্যেকের মুঠোফোনের ক্যামেরায় নীল রঙের ‘টেপ’ লাগিয়ে দেওয়া হবে। এই বিশেষ নীলরঙা টেপের বিশেষত্ব হলো, কেউ টেপটি খুলে ফেলার চেষ্টা করলে একটি তীরচিহ্ন দেখা যাবে। আর এর ফলে হোটেলের নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে জানতে পারবেন, কেউ টেপটি তুলে ফেলেছেন। শুধু নিমন্ত্রিতদের নয়, হোটেলকর্মী, ডেকোরেটর, শেফসহ সবার মুঠোফোনে টেপ লাগানো হচ্ছে।
জানা গেছে, বিয়ের সবকিছু গোপন রাখার জন্য হোটেল কর্তৃপক্ষ এবং বর–কনের পরিবারের মধ্যে চুক্তি হয়েছে। হোটেলকর্মীরা ছাড়া অন্য কেউ হোটেলে প্রবেশ করলে তাঁর সম্পূর্ণ স্ক্যানিং হবে। তবে হোটেল কর্মচারীদের জন্য এক বিশেষ কার্ডের ব্যবস্থা করা হয়েছে। তাঁরা এই বিশেষ কার্ড ব্যতীত হোটেলে প্রবেশ করতে পারবেন না। কার্ডের সঙ্গে তাঁদের প্রত্যেককে এক বিশেষ নম্বর দেওয়া হয়েছে।
পরিণীতিকে কনের বেশে সাজাতে বিশেষ প্রসাধনশিল্পী ও মেহেদিশিল্পীরা দিল্লি থেকে আসছেন। ১২ জনের বেশি ভিডিওগ্রাহক আর চিত্রগ্রাহককে এই শাহি বিয়ের বিশেষ মুহূর্তগুলো বন্দী করার জন্য নিযুক্ত করা হয়েছে।
রাঘব ও পরিণীতির এই রাজকীয় বিয়েতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ছাড়া দেশের বলিষ্ঠ রাজনীতিবিদেরা শামিল হবেন বলে জানা গেছে। আরও খবর, দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ২৩ সেপ্টেম্বর বিকেলে উদয়পুরে পৌঁছাবেন।
পরিণীতির বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, চিত্রনির্মাতা করণ জোহর, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাকে প্রত্যেকের শনিবার উদয়পুরে পৌঁছানোর কথা।
জানা গেছে, উদয়পুর শহরের নিরাপত্তার কারণে পুলিশ ১৫টি স্থানে ‘নাকাবন্দী’-র ব্যবস্থা করেছে। শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। আর তাই এই কদিন শহরে অতিরিক্ত পুলিশ কর্মী এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হচ্ছে।