জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

২০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় নতুন মোড়, সরকারি সাক্ষী হতে প্রস্তুত জ্যাকুলিন

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে ২০০ কোটি রুপির অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় নতুন এবং বড় মোড় সামনে এসেছে। এই মামলায় এখন জ্যাকুলিন নিজেই সরকারি সাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

পাতিয়ালা হাউস কোর্টে শুনানির সময় জ্যাকুলিন জানিয়েছেন যে তিনি এই মামলায় তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে চান এবং সরকারি সাক্ষী হতে প্রস্তুত। আদালত এই বিষয়ে কী অবস্থান নিয়েছেন এবং মামলার পরবর্তী শুনানি কবে হবে, তা জেনে নেওয়া যাক।

আদালত ইডিকে নোটিশ পাঠিয়েছেন
জ্যাকুলিনের আবেদন শুনে আদালত জানিয়েছেন, এর জন্য অভিনেত্রীকে সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। আদালত স্পষ্ট করেছেন যে তদন্তকারী সংস্থা তাঁর বক্তব্য ও সহযোগিতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে তাঁকে ‘অ্যাপ্রুভার’ করা হবে কি না।
আদালত এই মামলায় ইডিকে নোটিশও জারি করেছেন। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।

জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর ফেসবুক থেকে

বিদেশ যাওয়ার অনুমতি
জ্যাকুলিন ফার্নান্দেজকে ২৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতিও দিয়েছেন আদালত। তবে এই সময়ে তাঁকে নির্ধারিত শর্ত মানতে হবে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা চালিয়ে যেতে হবে।

কী এই মামলা
এই পুরো বিষয় ২০০ কোটি রুপির মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত। এতে সুকেশ চন্দ্রশেখরকে প্রধান অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে। অভিযোগ, তিনি জেলের ভেতর থেকেই প্রতারণা ও চাঁদাবাজির বড় নেটওয়ার্ক চালাতেন এবং বহু মানুষের কাছ থেকে কোটি কোটি রুপি আদায় করেছিলেন।

এই সময়েই তাঁর যোগাযোগ বলিউডের বেশ কিছু অভিনয়শিল্পীর সঙ্গেও তৈরি হয়। সেই সূত্রেই জ্যাকুলিনের নাম এই মামলার সঙ্গে উঠে আসে। ইডির তদন্ত অনুযায়ী, সুকেশ চন্দ্রশেখর জ্যাকুলিনকে বহু দামি দামি উপহার দিয়েছেন, যার মধ্যে ছিল বিলাসবহুল ঘড়ি, দামি ব্যাগ, গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।

জ্যাকুলিন কী বলছেন
তদন্তকারী সংস্থার দাবি, এসব জিনিস অবৈধভাবে অর্জিত টাকার মাধ্যমে কেনা হয়েছিল। তবে জ্যাকুলিন জানিয়েছিলেন, তিনি সুকেশের আসল পরিচয় ও তাঁর অপরাধমূলক কাজ সম্পর্কে কিছুই জানতেন না। তিনি আদালতকে বলেন যে সুকেশ নিজেকে বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে তাঁকে বিভ্রান্ত করেছিলেন।

জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: ইনস্টাগ্রাম থেকে