বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একের পর এক হুমকি পাচ্ছে বচ্চন পরিবার। এর মধ্যেও ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বজায় রেখেছেন অভিনেতা। রোববার মুম্বাইয়ে নিজের বাংলো ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। তবে এবার তাঁকে কোনো বুলেটপ্রুফ কাচের আড়ালে দেখা যায়নি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতি রোববারই মুম্বাইয়ের জুহুতে নিজের বাংলো ‘জলসা’র বাইরে অপেক্ষায় থাকা ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। প্রিয় অভিনেতাকে একঝলক দেখতে এদিনও তাঁর বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন অনেকে। অমিতাভ হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান এবং ভক্তদের ভালোবাসার জবাব দেন।
তবে এবারের সাক্ষাতের বিশেষত্ব ছিল অন্য জায়গায়। সাম্প্রতিক নিরাপত্তাঝুঁকির কারণে ভক্তদের সঙ্গে দেখা করার নির্দিষ্ট মঞ্চের চারপাশে বুলেটপ্রুফ কাচ বসানো হয়েছিল। কিন্তু রোববার সেই কাচ ছাড়াই ভক্তদের সামনে আসেন অভিনেতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। বাবার পাশে দাঁড়িয়ে আশপাশের পরিস্থিতির ওপরও নজর রাখছিলেন তিনি।
কেন বাড়ানো হয়েছিল অমিতাভের নিরাপত্তা
অমিতাভ বচ্চনের নিরাপত্তা বাড়ানোর পেছনে রয়েছে একাধিক ঘটনা। গত অক্টোবরে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল আসে। সেখানে অমিতাভের বাংলো ‘জলসা’সহ একাধিক জায়গায় হামলার হুমকি দেওয়া হয়েছিল। এরপর সংশ্লিষ্ট স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ায় মুম্বাই পুলিশ।
এ ছাড়া অভিনেতা টাইগার শ্রফের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ে। ওই ঘটনার দায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নেওয়ার দাবি করেছিলেন। এরপর অমিতাভের ভক্তদের সঙ্গে দেখা করার সময়ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
অমিতাভ ও অভিষেককে প্রাণনাশের হুমকি
নভেম্বরেও বচ্চন পরিবারকে হুমকি দেওয়ার খবর সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে গোল্ডি ঢিলোঁর পক্ষ থেকে দেওয়া ওই হুমকিতে অমিতাভ ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করা হয়েছিল।
পরপর এসব ঘটনার পর বচ্চন পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
‘কেবিসি’ নিয়ে ব্যস্ত অমিতাভ
কাজের দিক থেকে বর্তমানে জনপ্রিয় কুইজভিত্তিক রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন।
কয়েক দশক ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করা এই অভিনেতার জনপ্রিয়তায় যে এখনো ভাটা পড়েনি, তা বোঝা যায় প্রতি রোববার ‘জলসা’র বাইরে ভক্তদের ভিড় দেখলেই।