‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দিশা পাটানি, অক্ষয় কুমার ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এএনআই
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দিশা পাটানি, অক্ষয় কুমার ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এএনআই

‘আগে ও নায়িকা ছিল, এখন ও নায়িকার মা’

তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন অক্ষয় কুমার। তাঁর ঝুলিতে আছে ১৫০টির বেশি ছবি। গত শনিবার মুম্বাইয়ে যশরাজ ফিল্মস স্টুডিওতে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অবসর নিয়ে নিজের ভাবনা তুলে ধরলেন অক্ষয়।

ট্রেলার উন্মোচনের পর অক্ষয় কুমারকে ‘অবসর’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভোর চারটায় ঘুম থেকে উঠলে মাঝেমধ্যে এমন চিন্তা আসে। কিন্তু পাঁচ সেকেন্ড পরেই মনে পড়ে, শুটিংয়ে যেতে হবে। আরও মনে পড়ে, ৩০০ জন আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে সেটে যেতে হবে। তাই ওই ভাবনাটা পাঁচ সেকেন্ড থাকে। এরপর ভাবি, পরের দিন অবসর নেব। কিন্তু পরদিন আবার ভোর চারটায় ঘুম থেকে উঠে একই জিনিস শুরু হয়। এভাবেই ৩৬ বছর কেটে গেছে।’

অবসরের ধারণা তাঁর কাছে কেন আকর্ষণীয় নয়, সেটাও রসিকতার সুরে ব্যাখ্যা করেন অক্ষয়, ‘আমি যদি অবসর নিই, তাহলে বাড়িতে বসে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হবে। কুকুর হাঁটাতে হবে। বাগান করতে হবে। বাড়ির সব কাজই আমার ওপর এসে পড়বে। আমার মনে হয়, তার চেয়ে কাজে যাওয়া ভালো। আমি অবসর নেব না। সেটাই ভালো হবে।’

পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘চেষ্টা করেছি। কিন্তু একদিন পরেই ওরা (আমার পরিবার) বলেছে, “আবার কবে কাজে যাবে?” ব্যাস, ব্যাপারটা এমনই। তাই কাজ করে যাওয়াই ভালো।’
‘অবসর’ নিয়ে নিজের দর্শনও তুলে ধরেন অভিনেতা, ‘সত্যি বলতে, অবসর শব্দটাই আমার ভালো লাগে না। তখনই একজন মানুষের অবসর নেওয়া উচিত, যখন তার মৃত্যুর আর পাঁচ সেকেন্ড বাকি। তখন সে বলবে, “ভাই, আমি অবসর নিচ্ছি।” সেটাই ভালো। অবসর নিয়ে চিন্তা করবেন না। কাজ করে যান। দীর্ঘ জীবন চাইলে কাজ করে যান।’

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির জন্য মাত্র ১ কোটি ৮০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন অক্ষয়, বিটাউনে এমনটাই গুঞ্জন। এর সত্যতা জানতে চাওয়া হলে সুপারস্টার বলেন, ‘সত্যি বলতে আমি এতটাও নিইনি।’ এরপর তিনি আরও বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছবিটি লিখেছেন প্রয়াত নীরজ ভোরা। এই ইন্ডাস্ট্রিতে আমি তিনজন মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেছি—প্রিয়দর্শন, রাজকুমার সন্তোষী ও নীরজ ভোরা। আমার ক্যারিয়ার এবং কমেডি শেখার পেছনে নীরজজির অবদান অনেক। তিনিই গল্প লিখেছেন। আর ফিরোজ এ নাদিয়াদওয়ালাও (প্রযোজক হিসেবে) যুক্ত আছেন। আমি তাঁকে ৩৬ বছর ধরে চিনি। সংগ্রামের সময় থেকেই তাঁকে চিনি, আর আজও আমি সংগ্রাম করে যাচ্ছি! তাঁকে এ অনুষ্ঠানে আনাটাও একটা সংগ্রাম ছিল (শেষ কথাটা সশব্দে হেসে বলেন অক্ষয়)।’

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দিশা পাটানি, অক্ষয় কুমার ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এএনআই

প্রায় ২২ বছর পর এই ছবিতে একসঙ্গে পর্দায় আসছেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। একসময় বলিউডের জনপ্রিয় জুটিগুলোর একটি ছিল রাভিনা-অক্ষয় জুটি। এদিনের আসরে রাভিনা অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাভিনা ট্যান্ডনকে নিয়ে প্রশ্ন করা হলে অক্ষয় বলেন, ‘ও (রাভিনা) খুবই পেশাদার অভিনেত্রী। আপনাদের একটা ঘটনা বলতে চাই। আমরা একসঙ্গে একটি ছবিতে কাজ করেছিলাম। সন্ধ্যা হয়ে আসছিল, আর ভ্যানিটি ভ্যান অনেক দূরে ছিল। সেখানে গিয়ে ওর জন্য পোশাক বদলানো সম্ভব ছিল না। তখন রাভিনা জেনারেটর ভ্যানে গিয়ে পোশাক বদলে এসে শুটিং করেছিলেন। তিনি একদমই সময় নষ্ট করেন না।’

এত বছরে রাভিনার মধ্যে কী কী পরিবর্তন দেখেছেন অক্ষয়, জানতে চাইলে অভিনেতা বলেন, ‘সময় যত গেছে, ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ও আরও ভালো অভিনেত্রী হয়েছে। হ্যাঁ, আরেকটা পরিবর্তনও এসেছে—আগে ও নায়িকা ছিল, এখন নায়িকার মা।’

রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা ট্যান্ডনও এখন অভিনেত্রী। গত বছর বলিউডে রাশার অভিষেক হয়েছে।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তি পাবে ২৬ জুন। আহমেদ খান পরিচালিত ছবিতে আরও অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারশি, জনি লিভার, রাজপাল যাদব, আফতাব শিবদাসানি, শ্রেয়স তলপড়ে, তুষার কাপুর, ফরিদা জালাল, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ।

অক্ষয় কুমার। এএনআই