বলিউড তারকা সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক ভক্তই দাবি করেন, আগের তুলনায় তাঁকে কিছুটা রোগা, ক্লান্ত ও নীরব মনে হয়েছে। সেই ভিডিও ঘিরে নানা গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন অভিনেতা।
সম্প্রতি সালমান খান মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগযোগমাধ্যমে অনেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পেটানো গড়ন, সিক্স প্যাক অ্যাবস—সবই তো উধাও! অস্বাভাবিক হারে কমেছে ওজন! প্রচণ্ড রোগা লাগছে সালমানকে। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, অভিনেতাকে আগের মতো প্রাণবন্ত লাগছে না, আবার কেউ তাঁর সুস্থতা কামনা করেছেন।
তবে অন্য একদল ভক্ত সবাইকে সতর্ক করে বলেন, কয়েক সেকেন্ডের একটি ভিডিও দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এ নিয়ে নানা আলোচনা চললেও সালমান খানের নতুন কোনো শারীরিক সমস্যার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
আমির খানের প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তির দিন প্রথমবার প্রশ্ন উঠেছিল সালমানের শরীরে বাসা বেঁধেছে রোগ? এমনও শোনা গিয়েছিল, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে নারাজ অভিনেতা। পরিবারের কথা মোটেই কানে তুলছেন না সালমান। তাঁর ধ্যানজ্ঞান শুধুই ঝুলিতে থাকা গুচ্ছ গুচ্ছ প্রজেক্টের কাজ সঠিক সময়ে শেষ করা।
এরই মধ্যে সামাজিক যোগযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন সালমান খান। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘আপ লোগো কি তাবিয়ত ক্যায়সি হ্যায়?’ (আপনাদের শরীর কেমন আছে?)
সংক্ষিপ্ত এই বার্তা প্রকাশের সময়টাই ছিল সবচেয়ে আলোচিত বিষয়। কারণ, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা চলছিল। ফলে অনেক ভক্ত মনে করছেন, গুঞ্জনের জবাবই হয়তো ইঙ্গিতপূর্ণভাবে দিয়েছেন অভিনেতা। আবার অনেকে বলছেন, এটি তাঁর ভক্তদের সঙ্গে স্বাভাবিকভাবেই যোগাযোগ করার একটি চেষ্টা।
সামাজিক যোগযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর ভক্তরা আবার সালমান খানের প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা জানাতে শুরু করেছেন। অনেকেই তাঁর সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করছেন এবং ভিত্তিহীন গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, অতীতেও সালমান খান বিভিন্ন শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছেন। তবে ভাইরাল হওয়া সাম্প্রতিক ভিডিওকে কেন্দ্র করে যে নতুন গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে