
এইচবিওর বহুল চর্চিত সিরিজ ‘দ্য হোয়াই লোটাস’। এর মধ্যে প্রচারিত তিন কিস্তিই বিশ্বজুড়ে ঝড় তুলেছিল। নতুন খবর, আলোচিত সিরিজটিতে এবার দেখা যেতে পারে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।
ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলের খবর অনুযায়ী, এমি পুরস্কারজয়ী সিরিজটির চতুর্থ মৌসুমে দেখা যেতে পারে দীপিকাকে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এবারের কিস্তির শুটিং হবে ফ্রান্সের সেন্ট–ট্রোপেজে।
‘দ্য হোয়াইট লোটাস’–এর দীপিকার নাম প্রথম আলোচনায় আসে ২০২৪ সালে। তখন গুঞ্জন রটেছিল, সিরিজটির তৃতীয় মৌসুমে তিনি অভিনয় করবেন। ব্ল্যাংকপিঙ্ক তারকা লিসার সঙ্গে তিনি অভিনয় করবেন। পরে লিসাকে দেখা গেলেও দীপিকাকে দেখা যায়নি। বিভিন্ন সূত্র জানিয়েছিল, থাইল্যান্ড শুটিং হওয়া সিরিজটিতে তিনি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঠিকই কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সরে দাঁড়ান।
ব্যয়বহুল রিসোর্ট, অবকাশযাপন, অনৈতিক ব্যাপারস্যাপার ও সম্পর্কের গল্প নিয়ে ‘দ্য হোয়াইট লোটাস’। এইচবিও আর এইচবিও ম্যাক্সে ২০২১ সালে যখন সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পায়, তখনই ব্যাপক প্রশংসিত হয়। বলা যায়, দুনিয়ার সব তরুণই সিরিজটিতে বুঁদ ছিলেন। ২০২২ সালে পরের মৌসুমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। গত বছর মুক্তি পাওয়া তৃতীয় মৌসুমও প্রশংসিত হয়েছে।
সিরিজটির প্রতি মৌসুমে একটি নতুন বিলাসবহুল রিসোর্টে আসা ধনী পর্যটকদের জীবনের অন্ধকার আর অদ্ভুত দিকগুলো ফুটিয়ে তোলা হয়। সিরিজের প্রথম মৌসুমের পটভূমি ছিল হাওয়াই, দ্বিতীয়টির সিসিলি। তৃতীয় কিস্তিতে থাইল্যান্ডে হাজির হয়েছিলেন নির্মাতারা। মাইক হোয়াইটের এই বিদ্রূপাত্মক সিরিজটি প্রথম দুই সিজনেই দর্শকদের মন জয় করেছিল। সিরিজটির চতুর্থ মৌসুমে দীপিকাকে দেখা যায় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।