বিজয় ও রাশমিকা দুজনই তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি প্রকাশ করেন।
বিজয় ও রাশমিকা দুজনই তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি প্রকাশ করেন।

১ কোটি ৮০ লাখ লাইক! রেকর্ড গড়ল রাশমিকার বিয়ের ছবি

ভারতীয় চলচ্চিত্রের জগতে বহুল আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে যেন শুধু দুই তারকার মিলন নয়, এটি পরিণত হয়েছে নতুন বিস্ময়ে। গতকাল সন্ধ্যায় নিজেদের বিয়ের ছবি প্রকাশ করার পর থেকেই ভক্তদের উচ্ছ্বাসে ভেসে যায় অন্তর্জাল।

বিয়ের পরদিনই রাশমিকার পোস্ট ২৪ ঘণ্টার কম সময়ে ১ কোটি ৮০ লাখের বেশি লাইক পায়—যা বলিউডের ইতিহাসে সর্বাধিক পছন্দ পাওয়া বিয়ের ঘোষণার রেকর্ড। এর আগে ২০২৩ সালে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের পোস্ট প্রায় ১ কোটি ৫৮ লাখ লাইক পেয়ে শীর্ষে ছিল। ২০২২ সালে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের ঘোষণাও ব্যাপক সাড়া ফেলেছিল, যা পেয়েছিল প্রায় ১ কোটি ৪১ লাখ লাইক।

আরও আগে ২০১৭ সালে বিরাট কোহলি ও আনুশকা শর্মার সামাজিক মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পথিকৃৎ ছিলেন। যদিও তখনকার সময়ের তুলনায় সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার কম ছিল, তবু তাঁদের ঘোষণাও ছিল আলোচিত। এই পরিপ্রেক্ষিতে রাশমিকা-বিজয়ের বিয়ের পোস্ট নতুন এক মানদণ্ড স্থাপন করেছে। রাজস্থানের মনোরম উদয়পুরে অবস্থিত আইটিসি মেমেন্টোস উদয়পুরের এ আয়োজিত হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। তেলুগু ও কোডাভা ঐতিহ্যের সমন্বয়ে সাজানো হয়েছিল পর্বটি। সকালে শপথ গ্রহণের পরপরই রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্টে স্বামী হিসেবে বিজয়কে পরিচয় করিয়ে দেন।

গতকাল বিয়ে করেছেন বিজয় ও রাশমিকা

ভালোবাসায় ভরা সেই বার্তায় তিনি লেখেন, জীবনের প্রতিটি সাফল্য-সংগ্রাম-আনন্দ এখন নতুন অর্থ খুঁজে পেয়েছে। কারণ, পাশে আছেন তাঁর সবচেয়ে বড় সমর্থক। তিনি জানান, নিজের স্বপ্নের মানুষ হয়ে ওঠার পেছনে বিজয়ের অবদান সবচেয়ে বড়। অন্যদিকে বিজয়ও আবেগঘন বার্তায় লেখেন, একদিন তিনি অনুভব করেন—রাশমিকাকে ছাড়া তাঁর দিন অসম্পূর্ণ। সেই অভাববোধ থেকেই তিনি ‘সেরা বন্ধুকে’ জীবনের সঙ্গী করে নেন।

বিয়ের ছবি প্রকাশের পর ভক্তদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। বিভিন্ন ভাষার তারকা ও সহশিল্পীরাও ছবিগুলো শেয়ার করেন। বিয়ের ভেন্যুর বাইরে অবস্থান করা আলোকচিত্রীদের মিষ্টি বিতরণ করে কৃতজ্ঞতা জানান নবদম্পতির টিম। এই আয়োজন ছিল আড়ম্বরের চেয়ে আবেগে ভরা। নিভৃত অথচ ঐতিহ্যসমৃদ্ধ পরিবেশ, ব্যক্তিগত অনুভূতির খোলামেলা প্রকাশ—সব মিলিয়ে এটি হয়ে উঠেছে কেবল তারকাদের বিয়ে নয়; বরং এক সার্বজনীন ভালোবাসার উদ্‌যাপন।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে