শাহরুখ খান
শাহরুখ খান

অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খানকে ঘিরে নতুন বিতর্ক। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদ্‌গুরুর সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দাবি ওঠে, ওই ভিডিও নিয়ে মন্তব্য করায় এক ইনফ্লুয়েন্সারকে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতা। তবে এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাহরুখ খানের আইনজীবী দল। তাদের দাবি, এ ধরনের কোনো আইনি নোটিশ পাঠানোর নির্দেশই দেননি অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২৬ নভেম্বর শাহরুখ খানের অনুমোদিত আইনজীবী প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে। প্রতিষ্ঠানটি জানায়, ২৩ নভেম্বর তারিখ উল্লেখ করে শাহরুখের নামে যে আইনি নোটিশের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেটি অভিনেতা বা তাঁর পক্ষ থেকে পাঠানো হয়নি। এমনকি কোনো আইনজীবী বা আইনি প্রতিষ্ঠানকে এ ধরনের নোটিশ পাঠানোর নির্দেশও দেননি শাহরুখ।

আইনজীবী প্রতিষ্ঠানটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোকে তথ্য যাচাই না করে খবর প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি শাহরুখের নামে প্রচারিত ওই নোটিশসংক্রান্ত ভুল তথ্য সংশোধন কিংবা সরিয়ে ফেলার আহ্বানও জানিয়েছে তারা।

যে ভিডিও ঘিরে বিতর্ক
বিতর্কের সূত্রপাত মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল পিস অনার্স ২০২৬ অনুষ্ঠানের একটি ভিডিও থেকে। সেখানে শাহরুখ খান, অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদ্‌গুরুকে একসঙ্গে দেখা যায়। তাঁদের কথোপকথনের একটি ছোট অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করেন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মা। তাঁর প্রকাশিত ভিডিওর ক্যাপশন ও ব্যাখ্যায় ইঙ্গিত করা হয়, অনন্ত আম্বানি নাকি কথোপকথনের সময় শাহরুখকে চুপ থাকতে বলেছিলেন। ভিডিওটির একটি মুহূর্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কেউ বিষয়টি নিয়ে মজা করেন, কেউ আবার শাহরুখের সঙ্গে অনন্তের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
এরপরই খবর ছড়ায়, ভিডিওটির ক্যাপশন ও বক্তব্যকে আপত্তিকর ও মানহানিকর মনে করে শাহরুখের পক্ষ থেকে সুবিজ্ঞকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ২৩ নভেম্বর তারিখের কথিত ওই নোটিশে ভারতের ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারার উল্লেখ ছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়।

৪৮ ঘণ্টার সময়সীমার খবর
ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের আগের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কথিত নোটিশে সুবিজ্ঞ শর্মাকে ৪৮ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি সরিয়ে ফেলতে বলা হয়েছিল। একই সঙ্গে ভিডিওটি আর প্রচার না করা, সংশ্লিষ্ট ক্যাপশন ও বক্তব্য সংশোধন বা মুছে ফেলা এবং নির্দেশনা পালন করা হয়েছে—এমন লিখিত নিশ্চয়তা দেওয়ার কথাও বলা হয়েছিল।

শাহরুখ খান

খবরটি ছড়িয়ে পড়ার পর সুবিজ্ঞও সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি নিজের বক্তব্যের পক্ষে অবস্থান নেন এবং তাঁর মন্তব্যকে মতপ্রকাশের স্বাধীনতার আওতায় সমালোচনা হিসেবে ব্যাখ্যা করেন। তবে শাহরুখের আইনজীবী প্রতিষ্ঠানের সাম্প্রতিক বিবৃতিতে পুরো আইনি নোটিশের বিষয়টিই নাকচ করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া প্রতিক্রিয়ার কথাও উঠে এসেছে। তবে ভিডিওর সংক্ষিপ্ত অংশ দেখে পুরো কথোপকথনের প্রেক্ষাপট নিশ্চিতভাবে বোঝা যায় না।

সামনে ‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ
এদিকে কাজের দিক থেকে শাহরুখ খান এখন ব্যস্ত তাঁর নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও জয়দীপ আহলাওয়াত।

‘পাঠান’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি শাহরুখের দ্বিতীয় কাজ। পাশাপাশি বড় পর্দায় প্রথমবারের মতো বাবা-মেয়ের জুটি হিসেবে দেখা যাবে শাহরুখ ও সুহানাকে। ‘ডানকি’র পর এটি শাহরুখের পরবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে