‘টক্সিক’ সিনেমার পোস্টারে নয়নতারা। ইনস্টাগ্রাম থেকে
‘টক্সিক’ সিনেমার পোস্টারে নয়নতারা। ইনস্টাগ্রাম থেকে

এ আবার কোন নয়নতারা

গত কয়েক বছরে বেশির ভাগ সময়ই নয়নতারাকে দেখা আছে ব্যতিক্রমী চরিত্রে। কখনো হরর, কখনো আবার ড্রামাধর্মী চরিত্রে নিজের জাত চিনিয়েছেন। তবে ‘টক্সিক’ সিনেমার পোস্টারে ব্যতিক্রমী রূপে ধরা দিলেন এই দক্ষিণি তারকা।

রোমাঞ্চিত ভক্তরা
গীতু মোহনদাসের পরিচালনায় তৈরি এই সিনেমার জন্য ভক্তরা রোমাঞ্চিত। যশের সঙ্গে কাজ করা এ ছবি আরও বেশি উত্তেজনা বাড়াচ্ছে, কারণ নির্মাতারা ক্রমেই চরিত্রের পোস্টার প্রকাশ করছেন। সম্প্রতি হিমা কুরেশির লুক বেশ প্রশংসিত হয়েছিল। গতকাল বুধবার নির্মাতারা নয়নতারার একটি পোস্টার প্রকাশ করেন।

এ ছবিতে গঙ্গা চরিত্রে অভিনয় করছেন নয়নতারা। পোস্টারে দেখা যায়, তিনি কালো স্লিট গাউন ও লম্বা বুট পরেছেন এবং হাতে একটি বন্দুক ধরেছেন।

‘টক্সিক’ সিনেমার পোস্টারে নয়নতারা। ইনস্টাগ্রাম থেকে

নয়নতারার লুক দেখে একজন ফ্যান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অপেক্ষা করছি।’ আরেকজন লিখেছেন, ‘লেডি সুপারস্টার নয়নতারা গঙ্গা চরিত্রে; এর চেয়ে আর ভালো হতে পারে না।’

আরেকজন লিখেছেন, ‘দীর্ঘ সময় পর এমন শক্তিশালী চরিত্রে নয়নতারা হিসেবে গঙ্গা, তর সইছে না।’

কী বলছেন নির্মাতা
নয়নতারার ক্যারিয়ার ইতিমধ্যেই ২০ বছরের বেশি সময় ধরে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় সিনেমায় বিস্তৃত, যেখানে তিনি ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। এবার ‘টক্সিক’–এ তাঁর উপস্থিতি নিয়ে রোমাঞ্চিত ভক্তরা।

নয়নতারা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সিনেমাটি নিয়ে নির্মাতা গীতু মোহনদাস বলেন, ‘আমরা সবাই জানি, নয়নতারা দীর্ঘ ক্যারিয়ারে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। তবে এই সিনেমায় তাঁকে এমনভাবে দেখাতে চাইছিলাম, যা আগে কখনো দেখানো হয়নি। শুটিং চলার সময় আমি লক্ষ করলাম, তাঁর ব্যক্তিত্ব চরিত্রের আত্মার সঙ্গে কতটা মিল খাচ্ছে। গভীরতা, সততা, সংযম ও আবেগকে তিনি যেভাবে চরিত্রে নিয়ে এসেছেন, সেটা দুর্দান্ত। আমি আমার গঙ্গাকে খুঁজে পেয়েছি।’

আগামী ১৯ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ভ্যারাইটি অবলম্বনে