
শহীদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল আলোচিত রোমান্টিক ছবি ‘ককটেল–২’–এর ট্রেলার প্রকাশ পেয়েছে গত ২ জুন। ট্রেলারে শহীদ, কৃতি ও রাশমিকার ত্রিমুখী সম্পর্কের আভাস পাওয়া গেছে। মঙ্গলবার মুম্বাইয়ে আয়োজিত ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ছবির তিন তারকাই ছিলেন প্রাণবন্ত। গান, আড্ডা আর খুনসুটিতে জমে ওঠে পুরো আয়োজন। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তাঁদের প্রথম প্রেম নিয়ে মন্তব্য এবং কৃতি–রাশমিকার সম্পর্ক ঘিরে চলা গুঞ্জন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির বিভিন্ন সংগীতশিল্পীও। একপর্যায়ে ‘তুঝকো’ গানের শিল্পী সুনিধি চৌহানের সঙ্গে মঞ্চে গলা মেলান শহীদ কাপুর। দর্শক করতালিতে মুখর হয়ে ওঠে পুরো আসর। ছবির অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রাঘব চৈতন্য, আশিষ কৌরসহ কয়েকজন শিল্পী। প্রীতমের সুরে তৈরি ছবিটির গানগুলো এরই মধ্যে সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।
গান ও আড্ডার ফাঁকে সঞ্চালক তিন তারকার কাছে জানতে চান তাঁদের প্রথম প্রেমের অভিজ্ঞতা সম্পর্কে। জবাবে কৃতি স্যানন বলেন, ‘সেই সময় মনে হয়, এটাই প্রেম। কিন্তু পরে বুঝতে পারি, হয়তো সেটি আসলে প্রেম ছিল না।’ কৃতির উত্তর শুনে মজা করে শহীদ কাপুর বলেন, ‘মনে হচ্ছে, তোমরা এখনো চরিত্রের মধ্যেই আছ।’
নিজের প্রথম প্রেম নিয়ে কথা বলতে গিয়ে শহীদ বলেন, ‘প্রথম প্রেম নয়, আমার কাছে শেষ পর্যন্ত টিকে থাকা ভালোবাসাটাই বেশি গুরুত্বপূর্ণ।’ রাশমিকা মান্দানার ভাষ্য ভিন্ন, ‘আমি এখন আমার বর্তমান জীবন নিয়ে খুবই সুখী। তাই প্রথম প্রেম নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না।’
ছবিতে কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার চরিত্র দুটির সম্পর্ক নিয়ে শহীদ কাপুর হাসতে হাসতে বলেন, ‘তোমাদের দুজনের বন্ধুত্ব আর বোঝাপড়া এতটাই স্বাভাবিক যে মানুষ ভাবতে শুরু করেছে, ছবিতে তোমরা সমকামী চরিত্রে অভিনয় করছ।’ জবাবে কৃতি স্যানন বলেন, ‘দুজন ছেলে খুব ভালো বন্ধু হলে সেটাকে মানুষ “ব্রোম্যান্স” বলে কিন্তু দুজন মেয়ের ক্ষেত্রে সেটি অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেন না! মানুষ ধরে নেয় মেয়েদের মধ্যে হয় প্রতিযোগিতা থাকবে, নয়তো ঝগড়া হবে। আর যদি দুই মেয়ের মধ্যে ভালো সম্পর্ক দেখা যায়, তখন মনে করা হয় অন্য কিছু আছে। এই মানসিকতা বদলানো দরকার।’
২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ ছবিটি পরিচালনা করেছিলেন হোমি আদাজানিয়া। ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। ইমতিয়াজ আলীর গল্পে নির্মিত ছবিটি সমালোচক ও দর্শক—দুই মহলেই প্রশংসিত হয়েছিল, বক্স অফিসেও সাফল্য পেয়েছিল।
১৪ বছর পর আসছে সেই ছবিরই সিক্যুয়েল। হোমি আদাজানিয়ার পরিচালনায় এবং দিনেশ ভিজান ও লাভ রঞ্জনের প্রযোজনায় নির্মিত ‘ককটেল ২’ ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।