সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের একটি ফ্ল্যাট বিক্রি করেছেন বলিউড তারকা সালমান খান। ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হয়েছে ফ্ল্যাটটি। সম্পত্তি নিবন্ধনের নথির বরাতে এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট তথ্যপ্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্স।
নথি অনুযায়ী, শিব-আস্থান হাইটস আবাসিক ভবনের এই ফ্ল্যাট সালমান ২০১৫ সালে ২ কোটি ৮৮ লাখ রুপিতে কিনেছিলেন। ৯ জুলাই বিক্রির নিবন্ধন সম্পন্ন হয়।
ফ্ল্যাটটির ব্যবহারযোগ্য আয়তন ৭৫৮ বর্গফুট। এর সঙ্গে দুটি গাড়ি রাখার জায়গাও রয়েছে। ক্রেতারা স্ট্যাম্প শুল্ক হিসেবে ২১ লাখ রুপি এবং নিবন্ধন ফি ৩০ হাজার রুপি পরিশোধ করেছেন।
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে একই ভবনের আরেকটি ১ হাজার ৩১৮ বর্গফুটের একটি ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন তিনি।
বান্দ্রা ওয়েস্টের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছেন সালমান খান। এর বাইরে মুম্বাইয়ে তাঁর একাধিক আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়ছেন সালমান।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রাতেই সমুদ্রের কাছাকাছি একটি নতুন ছয়তলা বাড়িতে উঠতে পারেন সালমান ও তাঁর পরিবার। নতুন ভবনটি নির্মিত হবে সালমানের মা সালমা খানের মালিকানাধীন একটি প্লটে। ইতিমধ্যে ভবন নির্মাণের অনুমোদনও মিলেছে।
এনডিটিভি অবলম্বনে