
সহপরিচালক হিসেবে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন শর্বরী বাগ। এরপর অভিনেত্রী হিসেবে নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমেছিলেন তিনি। সেবার ছবি ফেল করলেও তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। সেই অভিনয়ের জোরেই তাঁর ঝুলিতে এখন ‘বেধা’, ‘মহারাজা’র মতো ছবি। সম্প্রতি এক বিবৃতিতে তাঁর আগামী ছবি বেধা নিয়ে কথা বলেছেন শর্বরী।
অভিনেত্রী হিসেবে শর্বরীর প্রথম প্রকল্প ছিল ‘দ্য ফরগটেন আর্মি-আজাদি’ কে লিয়ে। কবির খান পরিচালিত অ্যামাজন প্রাইম ভিডিওর এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এরপর অনেক ঘটা করে ‘বান্টি অউর বাবলি’র মতো ব্লকবাস্টার ছবির সিকুয়েল দিয়ে বড় পর্দায় অভিষেক। ক্যারিয়ারের শুরুতেই যশরাজ ফিল্মসের ব্যানার পেয়েছিলেন শর্বরী। পাশে পেয়েছিলেন সাইফ আলী খান, রানী মুখার্জির মতো তারকা। কিন্তু এত কিছু সত্ত্বেও ছবিটি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল।
তবে আগামী প্রকল্প ‘বেধা’-কে ঘিরে অত্যন্ত আশাবাদী শর্বরী। নিখিল আদভানির মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে দারুণ খুশি এই নবাগত নায়িকা।
শর্বরী জানিয়েছেন, নিখিলের কাজের অনেক বড় ভক্ত তিনি। বিশেষ করে পরিচালক হিসেবে নিখিলের অভিষেক ছবি ‘কাল হো না হো’ দেখে মুগ্ধ হয়েছিলেন। শর্বরী গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘নিখিল স্যারের সঙ্গে কাজ করব ভেবেই রোমাঞ্চিত ছিলাম। তাঁর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নানা ঘরানার ছবিতে সমৃদ্ধ তাঁর চলচ্চিত্রপঞ্জি। নিখিল স্যারের কাজ আমাকে সব সময় অনুপ্রাণিত করে এসেছে। “কাল হো না হো” আমার সবচেয়ে প্রিয় ছবি। এ ছবি ২০ বারের বেশি দেখেছি। আমার মতো নব্বই দশকের ছেলেমেয়েদের কাছে এটা কালজয়ী ছবি। ছবির “কাল হো না হো” গানটি ছাড়া কোনো পার্টি বা অনুষ্ঠান তখন হতো না। মনে আছে, ছোটবেলায় এ গানের হুক স্টেপ শিখেছিলাম। বিভিন্ন পার্টিতে গিয়ে করে দেখাতাম। এখনো আমি তা-ই করে থাকি।’
এই ছবির প্রসঙ্গে শর্বরী আরও বলেন, ‘“কাল হো না হো”র সংলাপও আমার দারুণ পছন্দ ছিল। এখনো এই ছবির সংলাপগুলো আমার সঙ্গে আছে। প্রিয় সংলাপ হলো—“জিও! খুশ রহো! মুশকুরাও, ক্যায়া পতা কাল হো না হো।” এই সংলাপের মধ্যে নিজের প্রতি যত্ন, ভালোবাসা আর আনন্দ লুকিয়ে আছে।’ বেধা নিয়ে শর্বরী বলেছেন, ‘এই ছবির মাধ্যমে প্রতিদিন আমি কিছু না কিছু শিখছি। একজন নবাগতা হিসেবে আমি সবার কাছ থেকে যতটা সম্ভব সৃজনশীল নানান কিছু শুষে নেওয়ার চেষ্টা করছি।’
শর্বরী জানিয়েছেন, ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। ‘আমার বাড়ির সবাই সিনেমা দেখতে ভালোবাসে। আমিও ছোটবেলা থেকে সিনেমার ভক্ত, অভিনেত্রী হওয়ার বাসনা আমারও ছিল। ১৬ বছর বয়সে সাহস করে অডিশন দেওয়া শুরু করেছিলাম। আমার মধ্যে কতটা প্রতিভা আছে, অডিশনের মাধ্যমে পরখ করতে চেয়েছিলাম। কাজটা আমায় আদৌ আনন্দ দেয় কি না, এ–ও দেখতে চেয়েছিলাম,’ বলেন তিনি।
‘বেধা’ ছবিতে শর্বরীকে তারকা জন আব্রাহামের সঙ্গে দেখা যাবে। চলতি মাসের শুরুর দিকে যোধপুরে এই ছবির শুটিং হয়েছে। অ্যাকশনধর্মী এই ছবিতে শর্বরীকে নতুন এক রূপে আবিষ্কার করবেন দর্শক।