নেটফ্লিক্সে মুক্তির পর ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন রেকর্ড গড়ল রণবীর সিং অভিনীত গুপ্তচরধর্মী অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’। নেটফ্লিক্সে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি পেয়েছে প্রায় ৭৬ লাখ ভিউ, যা হিন্দি ছবির ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ।
আদিত্য ধর পরিচালিত ছবিটি গত ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায়, তার আগে প্রেক্ষাগৃহে ছিল দারুণ সফল প্রদর্শন। ডিজিটালে মুক্তির পর এটি আগের রেকর্ডধারী জনপ্রিয় ছবিগুলোকেও ছাড়িয়ে গেছে।
নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, এর আগে প্রথম সপ্তাহান্তে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড ছিল কয়েকটি বড় ছবির দখলে। কিন্তু ‘ধুরন্ধর’ সেই সব রেকর্ড ভেঙে ৭০ লাখের বেশি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা ভারতীয় ছবির ডিজিটাল মুক্তির ক্ষেত্রে নজিরবিহীন।
এই ছবি সাতটি দেশে বিদেশি ভাষার ছবির সাপ্তাহিক তালিকায় শীর্ষে উঠে এসেছে। এখন পর্যন্ত ছবিটি মোট ২৬ দশমিক ১ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে। এমনকি পাকিস্তানে প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও সেখানে ছবিটি ডিজিটালে শীর্ষে ট্রেন্ড করছে।
ছবিতে রণবীর সিং একজন ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি পাকিস্তানের লিয়ারি এলাকায় অপরাধী চক্রে অনুপ্রবেশ করে ভারতের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম ভন্ডুল করার মিশনে নামেন।
এই ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন। সহশিল্পীদের মধ্যে রয়েছেন সারা অর্জুন ও রাকেশ বেদি।
প্রেক্ষাগৃহে মুক্তির সময় ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৩০০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতের বাজারে এটি প্রথম হিন্দি ছবি হিসেবে ১ হাজার কোটি রুপির বেশি আয় করে ইতিহাস গড়েছে।
ইতিমধ্যেই ছবিটির সিকুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এতে আবারও রণবীর সিংয়ের সঙ্গে থাকছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন। সিকুয়েলটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে