‘টক্সিক’ সিনেমায় যশ। এক্স থেকে
‘টক্সিক’ সিনেমায় যশ। এক্স থেকে

মুক্তির আগেই ৬০০ কোটি আয়! আবার কি ঝড় তুলবেন যশ

মুক্তির আগেই প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে গীতু মোহনদাস পরিচালিত, যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রাউন-আপস’। এমনই দাবি করেছেন প্রবীণ প্রযোজক ড. জি ধনঞ্জয়ন। তাঁর বক্তব্য, এটি কেবল তারকাখ্যাতির জোরে নয়; বরং পরিকল্পিত সর্বভারতীয় কৌশলের ফল। চার বছর পর বড় পর্দায় ফিরছেন যশ। তাঁর নতুন ছবি মুক্তির আগেই যে বিপুল অঙ্কের ব্যবসা করেছে, তা সাম্প্রতিক সময়ে দক্ষিণি সিনেমার ক্ষেত্রে বড় নজির বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

কীভাবে এল এই অঙ্ক
ধনঞ্জয়নের মতে, ছবিটির কাস্টিংই এর সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বলেন, ছবিতে এমনভাবে অভিনয়শিল্পীদের নেওয়া হয়েছে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা দর্শকগোষ্ঠীর সঙ্গে সংযোগ তৈরি হয়।
ছবিতে রয়েছেন নয়নতারা, রুক্মিণী বসন্ত, টোভিনো থমাস। ধনঞ্জয়নের মতে, প্রত্যেকের নিজস্ব আঞ্চলিক জনপ্রিয়তা ছবিটিকে সত্যিকারের ‘প্যান ইন্ডিয়া’ রূপ দিয়েছে।

নয়নতারা ইতিমধ্যে হিন্দি বাজারে পরিচিত মুখ, রুক্মিণী দক্ষিণে আলোচিত, টোভিনো মালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা—এই বহুমাত্রিক কাস্টিং কৌশলই প্রি-রিলিজ ব্যবসায় বড় ভূমিকা রেখেছে বলে মত তাঁর।

‘টক্সিক’ সিনেমার পোস্টারে নয়নতারা। ইনস্টাগ্রাম থেকে

প্যান ইন্ডিয়া মানে শুধু ডাবিং নয়
ধনঞ্জয়নের স্পষ্ট বক্তব্য, প্যান ইন্ডিয়া সিনেমা মানে শুধু একটি দক্ষিণি ছবিকে ডাব করে সর্বত্র মুক্তি দেওয়া নয়; বরং শুরু থেকেই এমন পরিকল্পনা থাকতে হবে, যাতে দেশের বিভিন্ন ভাষা ও অঞ্চলের দর্শক ছবিটিকে নিজেদের বলে মনে করেন।
ধনঞ্জয়ন দাবি করেন, হাজার কোটির বেশি আয় করা দক্ষিণি ছবিগুলোর ৪০ থেকে ৪৫ শতাংশ আয় এসেছে উত্তর ভারত থেকে। অর্থাৎ উত্তর ভারতের বাজার ধরতে না পারলে বড় সাফল্য সম্ভব নয়, এ বাস্তবতা মাথায় রেখেই ‘টক্সিক’-এর কৌশল নির্ধারণ করা হয়েছে।

মুক্তির দিনেই বড় লড়াই
আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘টক্সিক’। একই দিনে আরেক বড় ছবি ‘ধুরন্ধর ২’-এর সঙ্গেও বক্স অফিসে প্রতিযোগিতায় নামছে এটি। তবে ধনঞ্জয়নের মতে, এটি ঝুঁকি নয়; বরং আত্মবিশ্বাসের প্রকাশ। তাঁর ভাষায়, সঠিক কৌশল নিয়েই ছবিটি মুক্তির দিন ঠিক করা হয়েছে।
মুক্তির আগে ব্যবসার এ অঙ্ক অবশ্যই চমকপ্রদ। তবে শেষ কথা বলবে দর্শকই। ১৯ মার্চ প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পরই বোঝা যাবে, আগাম ব্যবসার এ সাফল্য বক্স অফিসে কতটা প্রতিফলিত হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে