সিনেমার পোস্টারে আয়ুষ্মান খুরানা ও শর্বরী। ছবি: ইনস্টাগ্রাম থেকে
সিনেমার পোস্টারে আয়ুষ্মান খুরানা ও শর্বরী। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সালমানের পর এবার ‘প্রেম’ হলেন আয়ুষ্মান

শৈশব থেকেই রাজশ্রী প্রোডাকশনের জনপ্রিয় গান ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ ও ‘মাইয়া যশোদা’ দেখে বড় হয়েছেন শর্বরী বাগ। এবার সেই প্রতিষ্ঠানের কর্ণধার ও পরিচালক সূরজ বরজাতিয়ার ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতে তাঁর বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। নতুন এই জুটিকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।

গত রোববার মুম্বাইয়ের ঐতিহ্যবাহী রয়েল অপেরা হাউসে ছবির একটি গান প্রকাশ করা হয়। সংগীতসন্ধ্যার আদলে সাজানো অনুষ্ঠানে ছবিতে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন আয়ুষ্মান ও শর্বরী।

সূরজ বরজাতিয়ার ছবিতে গানের গুরুত্ব বরাবরই আলাদা। নাচ ও কোরিওগ্রাফির পাশাপাশি গানেই এগিয়ে যায় গল্প, ফুটে ওঠে পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্ক ও আবেগ। ইয়ে প্রেম মোল লিয়ায় অভিনয় করতে গিয়ে বিষয়টি নতুনভাবে উপলব্ধি করেছেন শর্বরী, ‘যখনই কোনো গানের শুটিং করতাম, সূরজ স্যার “মাইয়া যশোদা” ও “দিদি তেরা দেবর দিওয়ানা”র শুটিংয়ের গল্প বলতেন। এটা ছিল আমার সবচেয়ে প্রিয় বিষয়। ছোটবেলা থেকেই গানগুলো দেখে এসেছি।’

পরিচালকের কাছ থেকে শোনা নেপথ্যের গল্প নিজের অভিনয়েও কাজে লাগিয়েছেন শর্বরী, ‘এই প্রথম দেখলাম, গানে শুধু কোরিওগ্রাফিকে গুরুত্ব দেওয়া হয় না। পরিবারের আবেগ, সদস্যদের মধ্যকার সম্পর্ক এবং গল্প কীভাবে এগিয়ে যাবে—সবকিছুই খুব যত্ন নিয়ে তুলে ধরা হয়। একটি গান কীভাবে পুরো ছবির গল্পকে এগিয়ে নিতে পারে, সেটা এবার বুঝেছি।’

‘ইয়ে প্রেম মোল লিয়া’য় ‘প্রেম’ চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান। রাজশ্রীর ছবিতে ‘প্রেম’ নামটি বহু বছর ধরে বিশেষ গুরুত্ব বহন করছে। সালমান খান অভিনীত এই চরিত্র ভারতীয় দর্শকের কাছে রোমান্টিক নায়কের পরিচিত প্রতীক হয়ে উঠেছে। এবার সেই উত্তরাধিকার বহন করছেন আয়ুষ্মান।

অনুষ্ঠানে শৈশবের স্মৃতিতে ফিরে যান আয়ুষ্মান, ‘পুরো পরিবারের সঙ্গে “হাম আপকে হ্যায় কৌন...!” ছবিটি দেখেছিলাম। ছবিটি দেখার পর “প্রেম” চরিত্রটির প্রেমে পড়েছিলাম, হিন্দি সিনেমার প্রেমে পড়েছিলাম। আমাদের পরিবার ছবিতে দেখানো পারিবারিক বন্ধনের প্রেমে পড়েছিল।’

সিনেমার পোস্টারে আয়ুষ্মান খুরানা ও শর্বরী। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূরজ বরজাতিয়ার সঙ্গে কাজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও শোনান আয়ুষ্মান। তাঁর ভ্যানিটি ভ্যানে ঢোকার আগে প্রতিবার জুতা খুলে ফেলতেন পরিচালক। অভিনেতা বলেন, ‘আমি বলতাম, “স্যার, দয়া করে জুতা খুলবেন না।” কিন্তু তিনি আমার কথা শুনতেন না, জুতা খুলেই আসতেন। আমি তাঁর পা ছুঁয়ে প্রণাম করতাম। তিনি বলতেন, “আয়ুষ্মান ভব (দীর্ঘজীবী হও)।” এরপর দৃশ্যগুলো বুঝিয়ে দিতেন। রাজশ্রীর এই ঐতিহ্যের জন্য হাততালি প্রাপ্য।’

ছোটবেলায় এমন একটি সুযোগের কথা ভাবতে পেরেছিলেন কি না—এমন প্রশ্নে আয়ুষ্মান বলেন, ‘এটা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। ১৫ বছর বয়সে কেউ যদি বলত, একদিন দেশের মানুষের প্রিয় নায়ক হয়ে উঠব, বিশ্বাসই করতাম না। সত্যি বলতে, এখনো বিশ্বাস করতে পারি না।’

সিনেমার পোস্টারে আয়ুষ্মান খুরানা ও শর্বরী। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ছবির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া। তাঁর প্রশংসা করে আয়ুষ্মান বলেন, ‘হিমেশজি মানুষের আবেগ বোঝেন, সাধারণ দর্শকের পছন্দও বোঝেন। এই সময়ের ভারতের মানুষকে তিনি যতটা ভালো বোঝেন, খুব কম সংগীত পরিচালকই হয়তো ততটা বোঝেন।’

ছবির নাম প্রথমে আয়ুষ্মানকেও কিছুটা ভাবিয়েছিল। সূরজ বরজাতিয়ার কাছে গল্প শোনার সময় তিনি জানতে চেয়েছিলেন, নামটি ‘ইয়ে প্রেম মোল লিয়া কেন’। সামাজিক যোগাযোগমাধ্যমেও একই প্রশ্ন তুলেছিলেন অনেকে। কিন্তু ছবির গান শোনার পর তাঁর সব সংশয় দূর হয়ে যায়। আয়ুষ্মান বলেন, ‘সূরজ স্যার গানটি শোনানোর পর মনে হয়েছিল, ছবির জন্য এর চেয়ে ভালো নাম আর হতে পারে না। এটি ভারতের মাটির মানুষের গল্প। সূরজ বরজাতিয়া ও হিমেশ রেশমিয়ার অসাধারণ মেলবন্ধনের কারণে ছবিটি সেই মানুষের কাছে পৌঁছাবে।’

‘ইয়ে প্রেম মোল লিয়া’ আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।