কঙ্গনা রনৌত ও কৃতি শ্যানন
কঙ্গনা রনৌত ও কৃতি শ্যানন

বিকিনি পরে ভাইকে রাখি বাঁধবেন কেন: কৃতিকে কঙ্গনা

অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌত সামাজিক ও রাজনৈতিক নানান বিষয়ে নিজের মতামত প্রকাশ করে প্রায়ই আলোচনায় থাকেন। এবার বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের একটি বিজ্ঞাপন নিয়ে মন্তব্য করে নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি। রাখিবন্ধন উপলক্ষে করা কৃতির একটি বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা রনৌত।

কেন বিতর্ক
সম্প্রতি একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে কৃতি শ্যাননকে। বিজ্ঞাপনে তিনি রাখিবন্ধন উৎসব উদ্‌যাপন করছেন। তবে বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়েই আপত্তি জানিয়েছেন অনেকে। কৃতিকে ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা গেছে। এই পোশাকে তাঁর শরীরের কিছু অংশ অনাবৃত। তাই কৃতির পোশাক ঘিরে বইছে সমালোচনার ঝড়। এই পোশাকের জন্যই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের মুখে পড়েছেন অভিনেত্রী।

এবার কৃতির সেই বিজ্ঞাপন নিয়েই মন্তব্য করেছেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

‘রিভলবার রানি’ ছবিতে কঙ্গনা। আইএমডিবি

কঙ্গনার মন্তব্য
নানান বিরূপ মন্তব্য করে প্রায়ই চর্চায় উঠে আসেন কঙ্গনা রনৌত৷ ঠোঁটকাটা স্বভাবের জন্য অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তবে এসব মোটেও পাত্তা দেন তিনি।

এবার কঙ্গনা রনৌত ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘নারীদের জন্য এটা খুবই ভালো সময়। আমাদের আলমারি নানা ধরনের পোশাকে ভরা। আজকের নারীরা “বৈশ্বিক নারী”। ককটেল পোশাক থেকে লেহেঙ্গা-চোলি, জিনস থেকে শাড়ি, বিকিনি থেকে সালোয়ার-কামিজ—এত ধরনের পোশাকের সুযোগ থাকা সত্ত্বেও আপনি বিকিনি বা অন্তর্বাস পরে ভাইকে রাখি বাঁধবেন কেন? আপনার সাজপোশাকের আর কোনো বিকল্প পথ কি খোলা নেই?’

কঙ্গনা রনৌত ও কৃতি শ্যানন

এরপর কঙ্গনা রনৌত আরও লিখেছেন, ‘হা হা, মনে হচ্ছে বিজ্ঞাপনটি ইচ্ছা করেই অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে।’ অভিনেত্রীর এ পোস্ট যে কৃতি শ্যাননের উদ্দেশে, তা বলার অপেক্ষা রাখে না।

পক্ষে-বিপক্ষে
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কৃতির পোশাকের কড়া সমালোচনা করেছেন, কেউ কৃতির পাশে দাঁড়িয়েছেন। এর মধ্যেই কঙ্গনা রনৌতের মন্তব্য বিষয়টিকে আরও আলোচনায় এনেছে।

কঙ্গনা ও সোনু। কোলাজ

এদিকে তিনি নিজেও সম্প্রতি জেন-জি নিয়ে মন্তব্যের কারণে বিতর্কে রয়েছেন। তাঁর মন্তব্যের সমালোচনা করেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ, বাবা রামদেবসহ অনেকে। পরে তাঁদেরও পাল্টা জবাব দিয়েছেন কঙ্গনা। আশুতোষ রানা, সোনু সুদ, তাপসী পান্নু ও বাবা রামদেবের নাম করে কঙ্গনা বলেছেন, যেসব ব্যক্তি তাঁর সমালোচনা করেছেন, তাঁদের কেউই তাঁর সাফল্যের ১ শতাংশও অর্জন করতে পারেননি। তাই তাঁদের কাছ থেকে তিনি কোনো জ্ঞান শুনতে রাজি নন।