লর্ডসে ইতিহাস গড়তে চলেছে এই হিন্দি সিনেমা

‘৮৩’ সিনেমার একটি দৃশ্য
আইএমডিবি

অনেক প্রত্যাশা থাকলেও সিনেমা হলে মুক্তির পর প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি ছবিটি। প্রথমবারের মতো ইংল্যান্ডের ঐতিহাসিক মাঠ লর্ডসে প্রদর্শিত হবে সিনেমাটি। আর এটি হলিউডের কোনো সিনেমা নয়। এটি বলিউডের সিনেমা ‘৮৩’। আগামী ১৫ ও ১৬ জুলাই এ মাঠে প্রদর্শিত হবে সিনেমাটি।

প্রথম দিন সকাল ১১টায় এবং দ্বিতীয় দিন বিকেল ৪টায় ‘৮৩’-এর প্রদর্শনী হবে। নির্ধারিত অর্থ ব্যয় করে যে কেউ এই সিনেমা দেখতে পারবেন। খবর বলিউড হাঙ্গামার

এই সিনেমার মূল দৃশ্যের শুটিং হয়েছে এই মাঠেই। তাইতো লর্ডস কর্তৃপক্ষ মাঠে সিনেমা প্রদর্শনের জন্য পরিচালকের কাছে প্রস্তাব দেন। সিনেমার পরিচালক কবির খান বলেন, ‘সিনেমার চূড়ান্ত দৃশ্যের শুটিং হয়েছিল লর্ডসে। যেখানে শুটিং হয়, সেখানে বিশেষ প্রদর্শনী করা মনে হয় এখন ট্রেন্ড হয়ে গেছে। লর্ডস ব্যবস্থাপকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রদর্শনের প্রস্তাব দেন এবং বলেন, “৮৩” একটা আইকনিক ছবি।’ এই সিনেমা দর্শক গ্যালারিতে বসে নয়, ক্রিকেট মাঠে বসেই দেখবেন বলে জানান কবির।

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘৮৩’। ২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পায় কবির খান পরিচালিত সিনেমাটি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়া এই সিনেমা আয় করতে পারে মাত্র ১৯৩ কোটি রুপি। ‘৮৩’ সিনেমা নির্মাণে খরচ হয়েছিল প্রায় ২৫০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, পঙ্কজ ত্রিপাঠি, তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, হার্ডি সান্ধু প্রমুখ।