বলিউড অভিনেতা অনিল কাপুর এখনো আয় করছেন প্রায় দুই দশক আগে করা একটি সিনেমা থেকে। ২০০৮ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নিয়ার’–এ অভিনয়ের জন্য আজও নিয়মিত রয়্যালটি পাচ্ছেন তিনি। অথচ বিনা পারিশ্রমিকেই ড্যানি বয়েলের সিনেমাটিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। সম্প্রতি দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৬–এ অংশ নিয়ে এই তথ্য জানান অনিল কাপুর। সেখানে ‘দ্য এজলেস রেভেল: রিরাইটিং দ্য রুলস অব স্টারডম’ শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, প্রায় দেড় দশক পেরিয়ে গেলেও সিনেমাটি থেকে এখনো তাঁর কাছে চেক আসে।
অনিল কাপুরের ভাষায়, ‘এটা আমার জন্য খুব আবেগের বিষয়। এত বছর পরও গতকাল আবার “স্লামডগ মিলিয়নিয়ার”–এর জন্য একটি পে-চেক পেয়েছি।’
কত টাকা পাচ্ছেন? অনিল কাপুর জানান, সম্প্রতি তিনি প্রায় ৩ হাজার পাউন্ড পেয়েছেন। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে এই সিনেমা থেকে মোট প্রায় ৫ লাখ পাউন্ডের কাছাকাছি (৮ কোটি টাকার বেশি) রয়্যালটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মজা করে তিনি বলেন, ‘আমি তো টাকা চাইনি। তারা নিজেরাই দিয়েছে। তাই বলতে পারি, আমি এখন সত্যিই মিলিয়নিয়ার।’
বিনা পারিশ্রমিকে কাজ করার প্রস্তাব
মজার বিষয় হলো, সিনেমাটিতে কাজ করার সময় তিনি নাকি কোনো পারিশ্রমিকই চাননি। পরিচালক ড্যানি বয়েলের ছবিটিতে অভিনয়ের সুযোগকে তিনি শেখার একটি সুযোগ হিসেবে দেখেছিলেন। অনিল কাপুর বলেন, নির্মাতারা তখন জানিয়েছিলেন যে তাঁরা তাঁর পারিশ্রমিক দেওয়ার মতো বাজেট রাখতে পারছেন না। তখন তিনি উত্তর দিয়েছিলেন—‘আমি কি টাকা চেয়েছি? আমি তো শিখতে চাই। প্রয়োজনে বিনা পারিশ্রমিকেই কাজ করব।’
অস্কারজয়ী ছবির সাফল্য ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডগ মিলিয়নিয়ার’ আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দেব প্যাটেল। অনিল কাপুর সেখানে গেম শোর উপস্থাপক প্রেম কুমার চরিত্রে অভিনয় করেন। ভারতীয় কূটনীতিক-লেখক বিকাশ স্বরূপের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি অস্কারে ৮টি পুরস্কার জেতে এবং বিশ্বজুড়ে বিপুল সাফল্য পায়।
পেশাদারত্বের উদাহরণ
একই আলোচনায় অনিল কাপুর আরেকটি তথ্যও জানান। পরিচালক আদিত্য ধর তাঁকে ‘ধুরন্ধর ২’ ছবিতে একটি অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আগেই অন্য একটি সিনেমার শুটিংয়ের প্রতিশ্রুতি দেওয়ায় তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তাঁর মতে, একজন অভিনেতার সাফল্যের পেছনে শুধু প্রতিভাই নয়, পেশাদারত্ব ও প্রতিশ্রুতি রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ।
এখনো ব্যস্ত অনিল কাপুর ৬৯ বছর বয়সেও অভিনয়ে সমান সক্রিয়। সম্প্রতি তাঁকে দেখা গেছে ‘সুবেদার’ সিনেমায়। সুরেশ ত্রিবেনি পরিচালিত ছবিটি মার্চে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।
ইন্ডিয়া টুডে অবলম্বনে