
আজ ২৬ ফেব্রুয়ারি, জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। কয়েক দিন ধরেই শুরু হয়েছে প্রাক্–বিবাহ আয়োজন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, একাধিক তারকা ও প্রভাবশালী পরিবারের সদস্যরা ইতিমধ্যে উদয়পুরে পৌঁছেছেন।
বিয়ের এ খবরে নতুন করে আলোচনায় এসেছেন রাশমিকার ছোট বোন শিমান। অনেকেই হয়তো জানেন না, রাশমিকার সঙ্গে তাঁর বোনের বয়সের পার্থক্য প্রায় ১৬ বছর। বর্তমানে ২৯ বছর বয়সী রাশমিকার বোনের বয়স প্রায় ১৪।
কে এই শিমান
শিমানকে সচরাচর জনসমক্ষে দেখা যায় না। রাশমিকা ও তাঁর পরিবার সচেতনভাবেই তাঁকে আলোচনার বাইরে রাখতে চান, যাতে স্বাভাবিক পরিবেশে বড় হতে পারেন তিনি। এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছিলেন, কাজের ব্যস্ততায় ছোট বোনের বেড়ে ওঠার অনেকটা সময় তিনি কাছ থেকে দেখতে পারেননি। সে সময় তিনি জানান, তাঁর বোন তখন প্রায় ১৩ বছরের, আর গত কয়েক বছরে শিমানের বেড়ে ওঠার মুহূর্তগুলো মিস করেছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য ছিল, ছুটির দিনে বাড়িতে থাকলে কখনো কখনো আবেগাপ্লুত হয়ে পড়েন। কারণ, তিনি অনুভব করেন, ছোট বোনের শৈশবের অনেকটা পথ তিনি সরাসরি দেখতে পাননি।
আজ বিয়ে, শুরু উৎসব
দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি বিয়ের তারিখ ঘোষণা করেন রাশমিকা ও বিজয়। আজ ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা এই জুটিকে ‘বিরোশ’ নামেও ডাকেন।বিয়ের আয়োজনে বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন তারকার উপস্থিতির খবর পাওয়া গেছে। জমকালো সজ্জা, ঐতিহ্যবাহী রাজস্থানি আবহ আর তারকাখচিত অতিথি তালিকায় বিয়েটি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে।ভক্তদের কৌতূহল এখন—বিয়ের মণ্ডপে ছোট বোন শিমান কী ভূমিকায় থাকছেন?সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে লিখেছেন, দুলাভাইয়ের জুতা লুকানোর পরিকল্পনাও হয়তো ইতিমধ্যে তৈরি!