
‘তারকাঁটা’ ছবিতে একসঙ্গে জুটি হয়ে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম ও শুভ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সেই ছবির পর নতুন আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তাঁরা। ছবির নাম ‘সাপলুডু’। এই ছবিতে অভিনয়ের জন্য গতকাল রোববার বিকেলে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তাঁরা। ছবিটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।
পরিচালক ও নায়ক-নায়িকা সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি গল্পের ছবিটি ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং হবে।
মিম বলেন, ‘অনেক দিন পর নতুন ছবির জন্য চুক্তিপত্রে সই করেছি। ভালো গল্প আর আমার চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। আমার চরিত্রে অনেক চ্যালেঞ্জ আছে, অভিনয়ের জন্য ভালো সুযোগ পেয়েছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না। তবে দর্শকদের বলতে চাই, একটি দারুণ গল্পের ছবি পেতে যাচ্ছেন আপনারা।’
বহু বছর ধরে ছোট পর্দার জন্য নাটক ও টেলিছবি বানিয়ে হাত পাকিয়েছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। ‘সাপলুডু’ তাঁর প্রথম সিনেমা। পরিচালনার পাশাপাশি এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তিনি।
আরিফিন শুভ জানান, ছবিটি অ্যাকশন থ্রিলার ধাঁচের। গল্প দারুণ পছন্দ হয়েছে তাঁর। ‘ঢাকা অ্যাটাক’ ছবির এই নায়ক বলেন, ‘অ্যাকশন-থ্রিলার ধাঁচের গল্পের জন্য অপেক্ষা করছিলাম। চলচ্চিত্রে অ্যাকশন-থ্রিলার ধাঁচের গল্পই আমার প্রথম পছন্দ। তা ছাড়া এ ধরনের ছবি, বিশেষ করে “ঢাকা অ্যাটাক” কিংবা “মুসাফির” ছবিতে কাজ করে দর্শকের প্রশংসা পেয়েছি। তাই দর্শকের কথা মাথায় রেখে এ ধরনের গল্পে কাজ করতে রাজি হয়েছি।’
ছবিটি নিয়ে গোলাম সোহরাব দোদুল বলেন, ‘আমাদের দেশে অ্যাকশন-থ্রিলার ধাঁচের গল্প নিয়ে ছবির সংখ্যা কম। প্রথম ছবি বলেই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। ছবিতে গল্পের কারণে আরিফিন শুভ ও মিমকে খুব দরকার ছিল। দুজনকে পেয়ে ভালো লাগছে।’