আবার র‍্যাম্পে শুভ

র‌্যাম্পে মডেলদের সঙ্গে আরিফিন শুভ (বাঁয়ে)
র‌্যাম্পে মডেলদের সঙ্গে আরিফিন শুভ (বাঁয়ে)

অভিনেতা আরিফিন শুভর শুরুটা ছিল র‍্যাম্প মডেলিং দিয়ে। তবে এখন অভিনয়ের ব্যস্ততায় র‌্যাম্পে তাঁকে দেখা যায় না বললেই চলে। কিন্তু র‌্যাম্পের প্রতি ভালো লাগা তাতে একটুও কমেনি শুভর। সময়-সুযোগ করতে পারলে আর পছন্দসই প্রস্তাব পেলে শুভ র‌্যাম্পে হাঁটতে আগ্রহী সব সময়। গত শুক্রবার ছিল শুভর জন্য তেমনই একটি উপলক্ষ। সেদিন ঢাকার যমুনা ফিউচার পার্কে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টসের শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত ফ্যাশন শোতে আরিফিন শুভ হেঁটেছেন শো-স্টপার হিসেবে।

আরিফিন শুভ l ছবি: প্রথম আলো

প্রথম আলোকে শুভ বলেন, ‘র‌্যাম্পে শো-স্টপার হিসেবে কাজ করা অনেক সম্মানের ব্যাপার। চলচ্চিত্রের ব্যস্ততার কারণে এখন র‌্যাম্পে কাজ করা হয় না। তবে র‌্যাম্পের ওই সময়টা খুব মিস করি। এবারে শো-স্টপার হিসেবে কাজ করতে পেরে খুব সম্মানিত বোধ করছি।’
এদিকে দুই বছর পর আবারও বিজ্ঞাপনচিত্রে কাজ করতে যাচ্ছেন আরিফিন শুভ। এ মাসের শেষ সপ্তাহে তাঁর দুটি বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু হবে।