ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো আগ্রহ নিয়ে দেখছেন দর্শকেরা, নায়ক–নায়িকারাও হলগুলো পররিদর্শন করছেন
ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো আগ্রহ নিয়ে দেখছেন দর্শকেরা, নায়ক–নায়িকারাও হলগুলো পররিদর্শন করছেন

নিউইয়র্ক থেকে খবর নিচ্ছেন শাকিব, হলে হলে ছুটছেন পূজা–সিয়াম

দেশের প্রেক্ষাগৃহে ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ নামের দুটি চলচ্চিত্র মুক্তি পেলেও এই মুহূর্তে দেশে থাকতে পারেননি শাকিব খান। দেশে না থাকলে প্রেক্ষাগৃহ ও ভক্তদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ত ছিলেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে ছবি দুটি দেখার আহ্বান জানিয়েছেন। পোস্ট করেছেন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভক্তদের উন্মাদনার ভিডিও ক্লিপ। অন্যদিকে দেশে থাকার কারণে ‘গলুই’ ও ‘শান’ ছবির দেখার আহ্বান জানিয়ে এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছুটছেন পূজা চেরি। আর মুক্তি পাওয়া ‘শান’ নিয়েও সিয়াম আহমেদ ছুটছেন প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহে। ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছবি নিয়ে তাঁদের অনুভূতিও মন দিয়ে শুনছেন। সবাইকে প্রেক্ষাগৃহে ছবি দেখার আহ্বান জানাচ্ছেন।

ঈদের দিন জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘গলুই’ দেখতে দর্শক এরকমই পূর্ণ ছিল বলে জানালেন ছবির পরিচালক এস এ হক অলিক

‘বিদ্রোহী’, ‘গলুই’ ও ‘শান’ ছবির পরিবেশনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘বিদ্রোহী’ মুক্তি পেয়েছে ব্লকবাস্টার সিনেমাসহ ১০২টি হলে। দেশের সব কটি মাল্টিপ্লেক্সসহ ‘শান’ পেয়েছে ৩৫টি হল। সব কটি মাল্টিপ্লেক্সসহ ‘গলুই’-এর হলসংখ্যা ২৯ ও ‘বড্ড ভালোবাসি’ আসছে মাত্র ১টি হলে। মাল্টিপ্লেক্স ও একক হল মিলিয়ে মোট ১৬৭টি প্রেক্ষাগৃহে চলছে ঈদের এই চার ছবি।

সাভারের চন্দ্রিমা প্রেক্ষাগৃহে ‘শান’ দেখতে এভাবে লাইন দিয়ে টিকেট কাটতে দেখা গেছে দর্শকদের, জানালেন ছবির পরিচালক এম রাহিম

আজ বুধবার শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘“গলুই”, “বিদ্রোহী” দুটি সিনেমার প্রতি দর্শকদের ভালোবাসায় আমি অভিভূত! পরিবারের সবাইকে নিয়ে “গলুই”- “বিদ্রোহী” দেখুন, চলছে আপনার নিকটস্থ সিনেমা হলে।’ তিনি প্রথম আলোকে বললেন, ‘দেশ থেকে অনেকে ফোন করে জানাচ্ছেন দুটি ছবিই ভালো চলছে। ঈদের এই সময়ে দর্শকেরা ছবি দেখে আনন্দ পাচ্ছেন, একাত্ম হতে পারছেন, এটাই তো অভিনয়শিল্পী হিসেবে আমার জন্য সবচেয়ে বেশি ভালো লাগার। দেশে থাকলে হয়তো আমার ভক্তদের সঙ্গে কোথাও না কোথাও দেখা হতো। সরাসরি দেখা হচ্ছে না, কিন্তু আমার মনটা তাঁদের কাছে পড়ে আছে। ভক্তরাই আমার শক্তি, ভক্তরাই আমার সবকিছুর অনুপ্রেরণা। ঈদের দিন এতটা প্রতিকূল পরিবেশের মধ্যে পরিবার নিয়ে ছবি দেখছেন শুনলাম, আজও সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে হাউসফুল শুনছি, তাই তাঁদের জন্য আমেরিকা থেকে জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা।’

যশোরের মণিহার প্রেক্ষাগৃহের সামনে ‘বিদ্রোহী’ ছবিটি দেখতে ভিড় দেখা গেছে।

করোনার এই সংকটের সময়ে শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির ব্যাপারটি নিঃসন্দেহে ভীষণ ইতিবাচক ও আনন্দের সংবাদ বলে জানিয়েছেন শাকিব খান। তিনি বলেছেন, ‘দর্শকচাহিদা ও ভালোবাসার প্রতি বরাবরের মতোই এবারও আমি কৃতজ্ঞ। সিনেমা হলের মালিকদের ধন্যবাদ, তাঁরা দর্শকদের আগ্রহকে গুরুত্ব দিয়েছেন। করোনার এই সংকটের সময়েও প্রযোজকেরা সাহস নিয়ে সিনেমা মুক্তি দিচ্ছেন, যে হলমালিকেরা দেখানোর সব ধরনের ব্যবস্থা করেছেন, তাঁদেরও ধন্যবাদ।’

ঈদের ছবি ‘গলুই’ এ অভিনয় করেছেন শাকিব খান

ঈদুল ফিতর উপলক্ষে দেশের ৩৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘শান’। মুক্তির প্রথম দিনেই ভালো সাড়া পাচ্ছে সিনেমা। ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি দেখতে দর্শকেরা ভিড় করছেন। সিয়াম ও পূজা ঈদের দিন প্রথমে যান মতিঝিলের ‘মধুমিতা’ হলে। সেখানে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সিয়াম আহমেদ বলেন, ‘হলে আসার পর মনে হলো আমার ঈদ শুরু হয়েছে। দর্শকদের সঙ্গে দেখা করতে পারব, ঈদের আনন্দ শেয়ার করতে পারব, সে জন্যই প্রেক্ষাগৃহে আসা। এখন পর্যন্ত “শান” কেমন চলছে, সেটা বিস্তারিত জানি না। তবে সামাজিক মাধ্যম থেকে যতটুকু জেনেছি, খুব ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ্‌।’ পূজা বলেন, ‘ঈদের দিন প্রথমেই “গলুই” দেখেছি। এরপর সিয়ামসহ সবাই মিলে “শান” দেখতে ছুটে যাই। দুটি ছবির অভিজ্ঞতা আমার কাছে দারুণ। দুই ধরনের চলচ্চিত্র, তাই ধরনেরই ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। দর্শকদের সঙ্গে কথা বলে আমিও মুগ্ধ হচ্ছি।’