
দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গেও বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা আফরান নিশোর ভক্ত আছেন। নিশোর অভিনয় প্রশংসা নিয়ে সেখানকার ভক্তদের ফেসবুকে সরব দেখা যায়। গত বছরের ৮ ডিসেম্বর জন্মদিনে কলকাতা থেকে কয়েকজন ভক্তের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়েছিলেন নিশো। সেই দলে ছিলেন অ্যানজেলা হ্যালসোনা, পূজা সাহা, রূপসা চ্যাটার্জি, ইমতি, কথাকলি ঘোষ ও সোহম চক্রবর্তী। তাঁদের সঙ্গে প্রায় এক ঘণ্টা আড্ডা দেন নিশো। ভিডিও কলে নিশোকে রূপসা চ্যাটার্জি বলছিলেন, ‘আমি আপনার ডাইহার্ট ফ্যান কি না, জানি না। এতটুকু জানি, উঠতে, বসতে, খেতে, ঘুমাতে সবখানেই নিশোকে দেখি আমি।’
নিশোর জন্মদিনে রূপসা চ্যাটার্জি নামের ওই ভক্ত তাঁর হাতে নিশোর নামে ট্যাটুও করেছিলেন। আড্ডার সময় ভিডিও কলে নিশোকে সেটা দেখিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। ভক্তের এমন কাণ্ডে আপ্লুত হন নিশোও। তিনি বারবার ওই ভক্তকে জিজ্ঞাসা করছিলেন, এটা কি সত্যি? রূপসা চ্যাটার্জি ট্যাটু দেখিয়ে বারবার বলতে থাকেন, ‘হ্যাঁ, এটা সত্য। আমার ইচ্ছা, প্রতিবছর জন্মদিনে আপনার নামে এমনভাবে একটি করে ট্যাটু করা।’
কিন্তু প্রিয় অভিনেতার নামে আর ট্যাটু করা হবে না রূপসা চ্যাটার্জির। আজ শুক্রবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রূপসা। খবরটি নিশ্চিত করে দুপুরে রূপসার স্বামী অজয় কুমার চ্যাটার্জি তাঁর ফেসবুক টাইমলাইনে রূপসার ছবি দিয়ে অনেকগুলো কান্নার ইমোতে লিখেছেন, ‘সি ইজ নো মোর।’
ফেসবুকে বাংলা নাটক গ্রুপের নিয়মিত সদস্য ছিলেন রূপসা। নিয়মিতই নিশোর ছবি আপ করতেন, নিশোর নাটকের প্রশংসা করে স্ট্যাটাস দিতেন। ১৯ ঘণ্টা আগেও ইনস্টাগ্রাম থেকে নিশোর একটি ছবি নামিয়ে বাংলা নাটক গ্রুপে লিখছেন, ‘তাহলে কি “সিন্ডিকেট” আসছে? অধীর অপেক্ষায় আছি আমরা।’ এখনো রূপসার ফেসবুক স্টোরিতে নিশোর অভিনীত ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এর ভিডিও শোভা পাচ্ছে।
মৃত্যুর কারণ সম্পর্কে বাংলা নাটক গ্রুপের একজন অ্যাডমিন জনি মিয়া বলেন, ‘শুনেছিলাম, রূপসা দিদি ক্যানসারে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে ব্রেন হ্যামারেজ হয়ে বিছানা থেকে পড়ে যান। রাত ১০টায় হাসপাতালে নেওয়া হয়। আজ সকাল ১০টায় মারা যান তিনি।’
এদিকে ওই ভক্তের মৃত্যুর খবর নিশোর কানে পৌঁছে গেছে। খবরটি শুনে কষ্ট পেয়েছেন বলে জানালেন নিশো । বলেন, ‘যেকোনো মৃত্যুই বেদনায়ক। আমার কাজকে পছন্দ করতেন, এ কারণেই হয়তো ট্যাটু করে আমার নামটি সঙ্গে রাখতে চাইতেন তিনি। তিনি আমাকে কলকাতায় যেতে বলতেন। গত বছর আমার জন্মদিনে ওখানকার বেশ কয়েকজন ভক্তের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল। সেখানে রূপসা দিদিও ছিলেন। তিনি বারবার কলকাতায় যেতে বলছিলেন। যাওয়ারও ইচ্ছা ছিল। কিন্তু করোনাসহ নানা কারণে যাওয়া হয়নি। এই জন্য আরও বেশি খারাপ লাগছে। যখন যাব, তাঁর সঙ্গে আর দেখা হবে না।’
তবে কলকাতায় গেলে অবশ্যই তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আসবেন বলে জানান নিশো। বলেন, ‘রূপসা দিদির সঙ্গে আর দেখা হবে না। তবে কলকাতায় গেলে অবশ্যই তাঁর বাসায় যাব। দিদির জন্য দোয়া করি, যেখানেই থাকুন, ভালো থাকুন।’