মোবাইলেই এক সিনেমা

বিভিন্ন ব্র্যান্ডের বড় বড় ক্যামেরা দিয়ে নাটক, বিজ্ঞাপন ও সিনেমার শুটিং হয়। এবার মোবাইলে একটা আস্ত সিনেমা নির্মাণ হলো। তবে পূর্ণদৈর্ঘ্য নয়, এটি একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। প্রায় ১০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির নাম ‘চক্রাকার’। পরিচালনা করেছেন রনি ভৌমিক।
গত  বছরের শেষে প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ নির্মাণ করে আলোচিত হয়েছেন রনি। মুঠোফোনে সিনেমা নির্মাণ প্রসঙ্গে তিনি জানান এটি তাঁর একটি পরীক্ষামূলক কাজ। বলেন, ‘আমরা তো সিনেমা নির্মাণে ট্রেডিশনাল বড় ক্যামেরা দিয়ে কাজ করে অভ্যস্ত। সেই ক্ষেত্রে ছোট একটি ডিভাইস দিয়ে এই কাজটি করা সহজ ছিল না। এটি একটি চ্যালেঞ্জিং কাজ ছিল আমার জন্য। কারণ, শুটিংয়ে মুঠোফোনের ক্যামেরার সঙ্গে আলোসহ খুঁটিনাটি কিছু জিনিসের অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে। তবে ফোনে একটা আলাদা লেন্স থাকার কারণে কিছুটা সহজ হয়েছে।’

তবে তিনি এ–ও বলেন, একদিক দিয়ে কিছুটা সহজও ছিল কাজটি। মুঠোফোন যেকোনো জায়গায় বহন করে নিয়ে ইচ্ছামতো শুটিংটা করা গেছে।

পরিচালক জানান এটি ছোট সিনেমা হলেও ঢাকা ও চট্টগ্রামের লোকেশনে বড় পরিসরে কাজটি করা হয়েছে।
ছবিতে অভিনয় করেছেন আফসানা মিমি, ইয়াস রোহান, নোভা ফিরোজ প্রমুখ। এর আগে আফসানা মিমির পরিচালনায় কাজ করলেও সহশিল্পী হিসেবে মিমির সঙ্গে প্রথম অভিনয় নোভার।

এ ব্যাপারে নোভা বলেন, ‘কাজের ক্ষেত্রে শতভাগই পেশাদারত্ব রয়েছে মিমি আপার মধ্যে। গভীর রাত বা ভোরবেলা হোক, শুটিংয়ের নির্ধারিত সময় মেনে চলতে দেখেছি তাঁকে। তাঁর মতো গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারলে অনেক কিছুই শেখা যায়। এই কাজটি করতে গিয়ে সেই সুযোগটি পেয়েছি আমি। এককথায়, অসাধারণ একজন মানুষের সঙ্গে কাজ করলাম।’
নোভা ছবিটির নির্বাহী প্রযোজকও। ‘চক্রাকার’ সিনেমাটি ভিভো এক্স– ৮০ ফাইভ– জি ফোনে ধারন করেছেন নির্মাতা। ইতিমধ্যে ভিভোর ফেসবুক ও ইউটিউবে সিনেমাটি আপ হয়েছে।