আর্জেন্টিনা ফাইনালে, ‘বিয়ে করব’ ঘোষণায় ভাইরাল পরীমনি

পরীমনি
শিল্পীর সৌজন্যে

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা আগেও বহুবার জানিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। এবার সেই সমর্থন প্রকাশ করতে গিয়ে মজার এক ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলেন তিনি। সেমিফাইনালের আগে বলেছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন। আর ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর হ্যারি কেইনকে উদ্দেশ করে দিলেন আরেকটি কৌতুকপূর্ণ পোস্ট। দুটি পোস্টই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরু হওয়ার আগেই নিজের ফেসবুক পেজে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

মজার ছলে দেওয়া এই ঘোষণায় ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। পোস্টটিতে সংবাদ লেখা পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৯০০-এর বেশি প্রতিক্রিয়া, ২৩ হাজারের বেশি মন্তব্য পড়েছে। হাজারো শেয়ার হয়েছে।

টেলিভিশনের পর্দায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ছবি তুলে পরীমনি লেখেন, ‘পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

কয়েক ঘণ্টা পর মাঠের লড়াই শেষ হয় আর্জেন্টিনার জয় দিয়ে। ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লিওনেল মেসির দল। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর, রাত ৩টা ১৫ মিনিটে আবারও ফেসবুকে পোস্ট দেন পরীমনি।
টেলিভিশনের পর্দায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ছবি তুলে পরীমনি লেখেন, ‘পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

এই পোস্টটিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ১ লাখ ৬৫ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ১ হাজার ৬০০-এর বেশি মন্তব্য পড়েছে।
চলতি বিশ্বকাপে শুরু থেকেই আর্জেন্টিনার সমর্থনে সরব পরীমনি। দলের প্রতিটি জয় উদ্‌যাপন করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। জার্সির সামনে ছিল ‘মেসি ১০’, আর পেছনে লেখা ছিল ‘পরী’।

ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ গান। গানে যখন যে ফুটবলারের নাম এসেছে, পরীমনি তখন সেই খেলোয়াড়ের পরিচিত উদ্‌যাপনের ভঙ্গি নকল করেছেন। মাঠের আসল ফুটেজের সঙ্গে তাঁর সেই উপস্থাপনা মিলিয়ে ভিডিওটি ভক্তদের প্রশংসা কুড়ায়।

মেসির ১০ নম্বর জার্সিতে পরীমনি

পরীমনির ব্যক্তিজীবনে একাধিক বিয়ের খবর আগে থেকেই আলোচিত। সর্বশেষ ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে সেই খবর প্রকাশ্যে আসে। পরে তাঁদের সংসারে এক পুত্রসন্তানের জন্ম হয়। ২০২৩ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। অবশ্য ‘আবার বিয়ে’ নিয়ে তাঁর বুধবার রাতের মন্তব্যকে অধিকাংশ ভক্তই মজার ছলে দেওয়া পোস্ট হিসেবেই দেখছেন।

এবার আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হবে স্পেনের। ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ।