শুটিংয়ের ঝলমল দুনিয়ায় থাকলেও সেই অর্থে তাঁদের স্বীকৃতি দেওয়া হয় না

বাপ্পী আশরাফ। ছবি : ফেসবুক
বাপ্পী আশরাফ। ছবি : ফেসবুক

সিনেমায় তেমন একটা দেখা যায় না ছোট পর্দার অভিনেতা বাপ্পী আশরাফকে। ‘ক্যারাম’ নাটক দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা সর্বশেষ ২০১২ সালে ‘কমন জেন্ডার’ সিনেমায় অভিনয় করেছিলেন। এবার নাম লেখালেন ‘খোয়াব’ সিনেমায়। এতে অভিনয় করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন বাপ্পী আশরাফ।

সিনেমায় তাঁকে অভিনয়শিল্পীদের রূপসজ্জার কাজ করতে হচ্ছে। এ চরিত্র নিয়ে বেশ মজা হচ্ছে বলে জানালেন এই অভিনেতা। কারণ, অনেকেই তাঁকে রূপসজ্জাকারী হিসেবে দেখে অবাক হচ্ছেন। কেউ কেউ কৌতূহলী হয়ে প্রশ্ন করছেন, ‘আপনি বাপ্পী আশরাফ না।’ তিনি জানান, সিনেমার গল্প শুটিং ঘিরে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও ববি। বাপ্পী বলেন, ‘শুটিংয়ে মেকআপ আর্টিস্টদের জীবনের গল্প কেমন হয়, সেগুলো উঠে এসেছে। আদর আজাদ আমার সহকারী। সে নায়ক। শুটিংয়ের পাশাপাশি তার পরিবারের ঘটনা গল্পে আসবে। নায়কের ব্যক্তিগত জীবন গল্পে জড়িত।’

সব সময় শুটিংয়ে গিয়ে মেকআপ নিয়েছেন। এবার অন্যদের মেকআপ দিতে হচ্ছে। সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে তিনি বলেন, ‘মেকআপ আর্টিস্টের চরিত্রে আগে কখনোই অভিনয় করিনি।

শুটিংয়ের ফাঁকে সহশিল্পীদের সঙ্গে বাপ্পী আশরাফ। ছবি : ফেসবুক

চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে এই প্রথম উপলব্ধি করলাম, শুটিংয়ে আমরা মেকআপ আর্টিস্টদের সঙ্গে সেই অর্থে ছবি তুলি না। শুটিংয়ে তাঁদের গুরুত্ব দিলেও সেটা এক্সপোজড হয় না। তারকারাই শুধু এক্সপোজড হন। কিন্তু তাঁরাও চরিত্রের মতোই গুরুত্বপূর্ণ, সেটা ভুলে যাওয়া ঠিক নয়। শুটিংয়ের মাঝামাঝি সময়ে মনে হলো এই লোকদের সঙ্গে ছবি তোলা উচিত। কারণ, তিনি একজন মানুষকে পরিবর্তন করে দেন।’

এ সময় বাপ্পী আশরাফ আরও বলেন, ‘আমরা ব্যাকগ্রাউন্ড টেকনিশিয়ানদের সঙ্গে কখনোই সেই অর্থে ছবি উঠাই না।

শুটিংয়ের ফাঁকে সহশিল্পীদের সঙ্গে বাপ্পী আশরাফ। ছবি : ফেসবুক

তা ছাড়া আমাদের দেশে এই পেশায় জড়িত ব্যক্তিরা সব সময় শুটিংয়ের ঝলমল দুনিয়ায় থাকলেও সেই অর্থে তাঁদের স্বীকৃতি দেওয়া হয় না। এটা খুবই খারাপ লাগে। কোনো অভিনয়শিল্পী তাঁদের ক্রুদের সঙ্গে ছবি উঠিয়ে সেটা পোস্ট করলে সেই ক্রু পরিশ্রমের আনন্দ পাবেন। কিন্তু বাস্তবে প্রচারণার সময়ে তাঁরা বাদ যান।’

বাপ্পী আশরাফ এর আগে ‘বালক বালিকা’, ‘চিরকুমার সংঘ’, ‘উচ্চমাধ্যমিক পরিবার’, ‘শান্ত কুটির’ ও ‘রেডিও চকলেট রিলোডেড’ নাটক দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানে তিনি ‘জবা’ সিরিয়াল দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ঈদে তাঁকে ‘ফিমেল’ সিরিজ ও ‘কিডনি’ নাটকে দেখা গেছে। কাজগুলো দিয়ে তিনি প্রশংসা পেয়েছেন। জানা গেল, ‘খোয়াব’ সিনেমার এখনো শুটিং চলছে। এটি পরিচালনা করছেন আবুল খায়ের চাঁদ।

বাপ্পী আশরাফ। ছবি : সংগৃহীত