নতুন সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তির আগেই তৈরি হয়েছে অস্বস্তিকর এক পরিস্থিতি। সম্মানী পরিশোধ না করেই ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলেছেন ছবির নায়ক জিয়াউল রোশান। ফলে মুক্তির আগেই ছবিটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক, আর সেই সঙ্গে প্রচারণাতেও দেখা যাচ্ছে নায়কের নীরবতা।
২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘পুলসিরাত’ নামে সিনেমাটি শুটিং শেষে সার্টিফিকেশন বোর্ডে জমা দিলে আপত্তি ওঠে। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’।
সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ছবিটির ট্রেলার প্রকাশ করে জানায়, আগামী ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু ঘোষণার পর কয়েক দিন পেরিয়ে গেলেও ছবির নায়ক-নায়িকা কিংবা পরিচালককে এর প্রচারণায় দেখা যায়নি, যা সাধারণত মুক্তির আগে প্রত্যাশিত থাকে।
এ নীরবতার কারণ হিসেবে সামনে এসেছে আর্থিক বিরোধ। আজ সোমবার দুপুরে জিয়াউল রোশান জানান, ছবিতে অভিনয়ের জন্য তিনি আট লাখ টাকা সম্মানীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। চুক্তি অনুযায়ী ডাবিংয়ের আগেই পুরো অর্থ পরিশোধ হওয়ার কথা থাকলেও তা হয়নি।
তাঁর ভাষায়, ‘সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পাওয়ার পরও আমার বকেয়া সম্মানী দেওয়া হয়নি। এর মধ্যে হঠাৎ দেখি ট্রেলার প্রকাশ করা হয়েছে, এটা কোনো পেশাদার আচরণ বলে মনে হচ্ছে না।’ তিনি আরও জানান, বিষয়টি তিনি পরিচালককে অবহিত করেছেন।
প্রযোজক মীর জাহিদ হাসান অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাঁর মতে, এটি তাঁর প্রথম সিনেমা এবং নির্মাণপ্রক্রিয়ায় নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। তিনি জানান, সরকারের কাছ থেকে ৬০ লাখ টাকা অনুদান পেলেও ছবিটির মোট ব্যয় দাঁড়ায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নায়িকার কিছু বকেয়া সম্মানী পরিশোধ না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে সেই বকেয়া পরিশোধ করা হয়েছে। রোশানের বকেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিয়ে আলাপ হয়েছে, দু-এক দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে।’
পরিচালক রাখাল সবুজও একই সুরে কথা বলেছেন। তিনি জানান, প্রযোজক খুব দ্রুত নায়কের সম্মানী পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে নায়ক-নায়িকাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
তবে ছবির নায়িকা শবনম বুবলী এ মুহূর্তে ঢাকায় থাকলেও সরাসরি প্রচারণায় অংশ নিতে পারছেন না। জানা গেছে, তিনি ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রচারণা চালাবেন। রোশান জানান, বুবলীর সঙ্গেও তাঁর কথা হয়েছে এবং তিনিও বলেছেন, বকেয়া ইস্যুর সমাধান হলে তবেই প্রচারণায় যুক্ত হবেন।
এদিকে ট্রেলার প্রকাশ প্রসঙ্গে জিয়াউল রোশান বলেন, ‘সিনেমাটি মুক্তির ঘোষণা কিংবা ট্রেলার প্রকাশ সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি। এ কারণেই প্রচারণায় আমি নেই।’ জিয়াউল রোশান ও শবনম বুবলী ছাড়া ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ।