পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী নতুন চলচ্চিত্র ‘তছনছ’। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন মুন্না খান ও ববি হক। এদিকে গতকাল সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। কিন্তু সেখানে হাজির ছিলেন না নায়িকা ববি। এতে রেগে গেলেন ছবিটির নায়ক ও প্রযোজক মুন্না খান।
এ সময় তিনি প্রযোজক সমিতিতে ববির নামে অভিযোগ দেবেন বলেও জানান, এ ছাড়া হুমকি দেন মামলা করার। ‘প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, পরিচালক সমিতিতে লিখিত দরখাস্ত করব। প্রয়োজন হলে ঈদের পরে আদালত খুললে আমি নায়িকা ববি হকের নামে মামলা করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি।’
এ সময় ক্ষোভ প্রকাশ করে মুন্না খান আরও বলেন, ‘সে আমাকে কালকেও বলেছে আসবে। আমার কাছে রেকর্ড (কল) আছে। কেন সে প্রেস কনফারেন্সে আসবে না? সে তো বাংলাদেশি নায়িকা, নাকি? আমরা তাঁকে যে সম্মানটুকু দিয়েছি, মনে হয় না আর কোনো প্রযোজনা প্রতিষ্ঠান তাঁকে দিয়েছে।’
‘তছনছ’ ছবিটির বাজেট ৪ কোটি টাকা বলেও দাবি করেন মুন্না খান। আরও জানান, ববির কারণেই ছবিতে ৮০ লাখ টাকা বেশি খরচ হয়েছে। তিনি বলেন, ‘আমি সব রেকর্ড করে রেখেছি। আমি কিন্তু মুন্না খান, সব জায়গায় ফাজলামি চলে না। দুই ঘণ্টা আগেও বলছে, অন দ্য ওয়ে। তাকে তো আমরা পেমেন্ট এক টাকাও কম দিইনি। বরং হিসেবের বাইরেও তার পেছনে কমপক্ষে আরও দুই লাখ টাকা বেশি খরচ করেছি। এই নায়িকা ববির জন্য এই সিনেমায় ৮০ লাখ টাক বেশি গিয়েছে।’