‘দম’ সিনেমার পোস্টার। চরকির সৌজন্যে
‘দম’ সিনেমার পোস্টার। চরকির সৌজন্যে

‘দম’–এর দম এবার দেখবে সারা দেশ

‘দম’-এর দম এবার দেখবে সারা দেশ। ২৪ এপ্রিল সারা দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোয় মুক্তি পাচ্ছে ছবিটি। পবিত্র ঈদুল ফিতরে দেশের সব কটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে বাজিমাত করে যাচ্ছে সিনেমাটি। এবার দেশের বড় ও নামকরা সব সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের মাত করার পালা। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি নিশ্চিত করেছে, ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্রটি। এর ফলে সারা দেশের সাধারণ সিনেমাপ্রেমীরা সহজেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

‘দম’–এ আফরান নিশো। চরকির সৌজন্যে

প্রযোজনা প্রতিষ্ঠানের সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল প্রথম থেকেই, যার কারণে ঈদুল ফিতরে মুক্তির অনেকটা দিন পর এসে ‘দম’ মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আগেই জানিয়েছিলেন, পাইরেসির ঝুঁকি এড়াতেই শুরুতে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহ ও প্রতীক্ষা বাড়তে থাকে এবং সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

শাহরিয়ার শাকিল বলেন, ‘অভিনেতা আফরান নিশোর ভক্তরা এবং সাধারণ দর্শকেরা যাঁরা এত দিন সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন, তাঁরা এবার নিরাশ হবেন না। আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মৌলিক গল্প দেশের দর্শকদের জন্য এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। বাংলাদেশি চলচ্চিত্রের উৎকর্ষের ধারাবাহিকতায় “দম”-এর গল্প ও দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করছেন দর্শকেরা, এটাই আমাদের প্রাপ্তি।’

‘দম’–এর লুকে আফরান নিশো

শাহরিয়ার শাকিল জানান, ‘দম’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি একদম শেষ দিকে। নতুন পোস্টার ডিজাইন করা হয়েছে, সেগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন সেগুলো সিনেমা হলে পাঠানোর কাজ চলছে। ‘দম’-এর সিঙ্গেল স্ক্রিনের তালিকায় ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দিতা, যশোরের মণিহার রয়েছে বলে জানান শাহরিয়ার শাকিল।

‘দম’ বড় পরিসরের মুক্তি নিয়ে স্বাভাভিকভাবেই বেশ উচ্ছ্বসিত পরিচালক রেদওয়ান রনি। তিনি বলেন, ‘“দম” আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশির বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এমন একটি অদম্য সাহসিকতার গল্প নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। শুরু থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের ভালোবাসা নির্মাতা হিসেবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।’

‘দম’ সিনেমায় চঞ্চল চৌধুরী। চরকির সৌজন্যে

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ‘দম’ নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি পেয়েছে এবং সেখানে দর্শকদের অভাবনীয় সাড়া পাচ্ছে। উত্তর আমেরিকায় সিনেমাটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে মাত্র এক সপ্তাহেই সেখানে হলের সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ৫০–এ উন্নীত হয়েছে। একইভাবে কানাডাতেও প্রথম সপ্তাহে ৮টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রযোজনা–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিভিন্ন দেশের প্রবাসীরা অপেক্ষা করছেন ‘দম’–এর জন্য। একে একে বিভিন্ন দেশে ‘দম’ মুক্তি দেওয়া হবে এবং দর্শকেরা কেউই বঞ্চিত হবেন না ‘দম’ দেখা থেকে। বিদেশের মাটিতে দেশি সিনেমার এই জয়জয়কার প্রমাণ করে যে বিশ্বমানের গল্প বলতে পারলে বাংলা সিনেমার চাহিদা সবখানেই রয়েছে।

‘দম’–এর দৃশ্যে পুজা চেরী। চরকির সৌজন্যে

‘দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর, জাহিদ হাসান প্রমুখ। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের বিশেষ আগ্রহের অন্যতম বড় কারণ এর কেন্দ্রীয় চরিত্র আফরান নিশো। সিনেমাটিতে নিশোর অভিনয়ে মুগ্ধতার কথাই বলেছেন দর্শকেরা। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফরান নিশো।
এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমার মনে আছে একদম প্রথম যখন রনি (রেদওয়ান রনি) আমাকে গল্পের ভাবনাটা বলে, তখনই সোল্ড আউট হয়ে গেছি। একটা জিনিস পেলাম আর করে ফেললাম, এ রকম নই আমি। আই অ্যাম ব্লেসড যে আমি স্থির হয়ে চিন্তা করতে পারি, আমি যে ধরনের ভিশন ভিজ্যুয়ালাইজ করি বা পারফরমার হিসেবে নিজের গ্রোথটা চাই, সে জন্য আমার গল্পটা খুব দরকার। তো এই জায়গা থেকে “দম” খুব পারফেক্টলি ফিট করে। আর এ জন্য হয়তো দর্শকেরাও কাজগুলো পছন্দ করে।’

যাঁর জীবনের গল্প থেকে ‘দম’ সিনেমাটি নির্মিত হয়েছে, সেই নূর ইসলাম ও তাঁর পরিবার সম্প্রতি দেখেছেন ‘দম’ সিনেমাটি। তিনি সিনেমাটি পছন্দ করেছেন, বলেছেন, ‘“দম” সিনেমাটি হয়েছে আন্তর্জাতিক মানের এবং আফরান নিশোর অভিনয় আউটস্ট্যান্ডিং।’

‘দম’ সিনেমাটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান, মো. সাইফুল্লাহ ও রবিউল আলম।