সিনেমাটি জীবনকে ভালোবাসার পথ দেখায়

‘জীবন পাখি’ আত্মহত্যাবিরোধী সিনেমা
ছবি : সংগৃহীত

‘পৃথিবীতে এমন কোনো বিচার আছে, যা একজন নারীর হারানো সম্ভ্রম ফিরিয়ে দিতে পারে?’ মোহনা মীমের এমন প্রশ্নের জবাব খুঁজে পান না আজাদ আবুল কালাম। আসলেই তো, সব প্রশ্নের উত্তর থাকে না, কিন্তু প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন থাকে। ‘তা–ই বলে জীবন থেকে পালিয়ে যাওয়াই কি এর সমাধান?’—আজাদ আবুল কালামের এই প্রশ্ন পাশ কাটাতে পারেন না মোহনা মীমও। ‘জীবন পাখি’ সিনেমা রবিঠাকুরের খাঁচার পাখির মতো মোহনা মীমের করুণ আত্মসমর্পণ নতুন করে ভালোবাসতে শেখায় জীবনকে।


আসাদ সরকার নির্মিত আত্মহত্যাবিরোধী সিনেমা ‘জীবন পাখি’-তে আজাদ আবুল কালামকে দেখা যায় একমাত্র কন্যাকে হারানোর শোকে পাগলপ্রায় এক পিতার চরিত্রে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে ‘মমতা’র চরিত্রে মোহনা মীম। সে ডিজিটাল প্রতারণার শিকার হয়ে গলায় ওড়না পেঁচিয়ে গাছের ডালে ঝুলে পড়ে। তারপর তার মা–বাবার কী পরিণতি হয়? এই প্রশ্নের উত্তর পেতে টান টান উত্তেজনাপূর্ণ সিনেমাটি দর্শককে পর্দা থেকে চোখ সরাতে দেয় না। ৯৫ মিনিটের সিনেমা শেষে দর্শকের কানে প্রতিধ্বনিত হতে থাকে ‘পৃথিবীর কোনো কষ্টই মৃত্যুর কষ্টের চেয়ে বড় নয়’।

সম্প্রতি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপকভাবে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এই প্রবণতার বিপরীতে দাঁড়িয়ে সিনেমাটি জীবনকে ভালোবাসার পথ দেখায়। মা–বাবার এক দিনের একটি অসতর্ক শাসনে যেন সারা জীবনের ভালোবাসা তুচ্ছ হয়ে না যায়। আবার আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সন্তানেরাও যেন আরেকবার ভেবে দেখার অবকাশ পায়, সিনেমাটি সবার কাছে সেই জানালা খুলে দিয়েছে।
‘গুণবতী ফিল্ম’–এর ব্যানারে নির্মিত ‘জীবন পাখি’ সিনেমার সাদামাটা নির্মাণ যেন গল্পটাকেই জায়গা ছেড়ে দিয়েছে। তা–ই বলে গল্প কোথাও ঝুলে যায়নি। আবার একটি সিরিয়াস বিষয় নিয়ে নির্মিত সিনেমা দর্শককে এক মুহূর্তের জন্যও বিনোদন থেকে দূরে সরিয়ে রাখেনি।

‘জীবন পাখি’র পোস্টার

নির্মাতা আসাদ সরকারের নিজের কথা ও সুরের বাস্তবধর্মী গানগুলো মন ছুঁয়ে যায়। পুরো সিনেমার কোথাও অসংলগ্ন কাহিনি বা ঘটনার অবতারণা করা হয়নি, বরং নির্মাণশৈলীতে রয়েছে পরিমিতিবোধ। এসব বিচারে সিনেমাটি সময়ের চাহিদা মিটিয়েছে।


এই সিনেমার বাড়তি চমক হিসেবে দর্শক কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা ও ক্লোজ আপ-ওয়ান তারকা মুহিন খানকে অভিনয়শিল্পী হিসেবে দেখবেন। দুজন শিল্পীই এই সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। গোয়েন্দা পুলিশের চরিত্রে মীরাক্কেলখ্যাত আবু হেনা রনির অভিনয় নতুন মাত্রা যোগ করেছে। আর পুরো সিনেমাতেই দক্ষ অভিনেতা সঞ্জীব আহম্মেদের দাপট রয়েছে। তাঁর সংলাপ ও সহজাত অভিনয়নৈপুণ্যে দর্শক মনখারাপের দৃশ্যেও হেসে উঠবেন।

অভিনেতাদের বেশির ভাগই নতুন হলেও অভিনয়ে অপটুতা খুব একটা চোখে পড়ে না। আসাদ সরকার তরুণ নির্মাতা। ২০১৯ সালে ‘নারীজীবন’–এর চিত্রনাট্য রচনায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পান। তিনি বলেন, সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তিনি এই চলচ্চিত্র নির্মাণ করেছেন। জীবনের অপর পিঠেই যদিও মৃত্যুর স্থান, তা–ই বলে কোনো যুক্তিতেই আত্মহত্যা কাম্য হতে পারে না। তাঁর এই আন্দোলনে একটি প্রাণও যদি রক্ষা পায়, আত্মহত্যাকে ‘না’ বলতে পারে, সেটাই তাঁর সার্থকতা।


১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। তাই দর্শকদের মধ্যে আত্মহত্যাবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারা দেশে তাদের নিজস্ব মিলনায়তনে স্বল্প দর্শনীর বিনিময়ে এবং পিছিয়ে পড়া দুই–একটি জায়গায় দর্শনী ছাড়াই এ সিনেমা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। এ জন্য তারা ধন্যবাদ পেতেই পারে।